ম্যুলারের মুখোমুখি হলে ট্রাম্পের ঝুঁকি বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ কাউন্সেলর রবার্ট ম্যুলারের মুখোমুখি হতে বেশ আগ্রহী। কারণ ট্রাম্প মনে করেন তিনি কোনো ভুল করেননি। রাশিয়ার সঙ্গে তাঁর নির্বাচনী ক্যাম্পেইনের কোনো আঁতাত ছিল কি না, তা তদন্ত করছেন ম্যুলার। কিন্তু এখন প্রশ্ন হলো, ম্যুলারের মুখোমুখি হওয়াকে কেন ট্রাম্পের আইনজীবীরা ‘মাইনফিল্ডের’ মধ্যে পড়তে হবে বলে মনে করছেন।

নিউইয়র্ক টাইমস বলছে, ম্যুলার বেশ আঁটঘাট বেঁধেই নামছেন। এরই মধ্যে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ এবং তাঁর প্রশাসনের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকে জিজ্ঞাসাবাদ করেছে ম্যুলারের তদন্ত দল। আরও খবর হচ্ছে, সম্ভাব্য আঁতাতের বিষয়ে প্রাথমিক পর্যায়ে তদন্ত করা মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেবল তা-ই নয়, ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সাক্ষ্যও রয়েছে। এবার ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করতে চান ম্যুলার।

মার্কিন আইন বিশেষজ্ঞরা মনে করেন, জেফ সেশন্স ও জেমস কোমিকে জিজ্ঞাসাবাদ এবং ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ প্রমাণ করে রবার্ট ম্যুলারের স্পষ্ট ধারণা আছে তিনি কী করতে যাচ্ছেন। ট্রাম্প ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাধা দিয়েছিলেন, ম্যুলারের তদন্তের মাধ্যমে হয়তো সেই বিষয়টিও স্পষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা অনেকের।

ম্যুলার এককালে এফবিআইয়ের পরিচালক ছিলেন। তাঁর সাবেক সহকারী মাইকেল জেলডিন বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের বাধা কোন পর্যায়ের অপরাধ, ম্যুলার সম্ভবত সেই বিষয়টি নির্ধারণের চেষ্টা করছেন। এটা কি অভিশংসনযোগ্য অপরাধ, নাকি এর দ্বারা কোনো অপরাধই সংঘটিত হয়নি, তাই নির্ধারণের চেষ্টা করছেন বিশেষ কৌঁসুলি।

এদিকে ট্রাম্পের মিথ্যা বলার অভ্যাস তো আছেই। আর কোনো ধরনের প্রস্তুতি ছাড়া ম্যুলারের মুখোমুখি হলে প্রশ্নের পিঠে প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম্প মিথ্যা বলে বসতেই পারেন। এরই মধ্যে তদন্তকারীদের সঙ্গে মিথ্যা বলা হয়েছে, এমন চারটি অভিযোগ প্রমাণ করেছে বিশেষ কাউন্সেল। তাই ম্যুলারের জিজ্ঞাসাবাদ এখন ট্রাম্পকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে আইনবিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

এরই মধ্যে ম্যুলার ট্রাম্পকে কী কী প্রশ্ন করতে পারেন তার একটি তালিকা নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। সেখানে রয়েছে ৪৮টি প্রশ্ন। এগুলো করতে গেলে হয়তো লেগে যাবে দুই দিন। প্রশ্নগুলো এত বিশদ যে ট্রাম্পকে ম্যুলারের মুখোমুখি হওয়ার আগে সে বিষয়ে বিস্তারিত ধারণা নিতে এবং নিজেকে যথেষ্ট প্রস্তুত করতে হবে। কারণ বিশেষ কাউন্সেল যতটা জানে, ট্রাম্পের আইনজীবীরা ততটা জানেন না।

এই পরিপ্রেক্ষিতে ট্রাম্পের মান্যগণ্য আইনজীবী সোল উইসেনবার্গ বলেন,‘এই প্রশ্নের তালিকা দেখে আবারও মনে হচ্ছে ট্রাম্পের উচিত হবে না ম্যুলারের মুখোমুখি হওয়া । ম্যুলার সব বিষয়ে জানেন... কিন্তু আমরা জানি না তিনি ঠিক কী জানেন...’

গতকাল মঙ্গলবার ট্রাম্প তাঁর টুইটারে এই প্রশ্ন প্রকাশের বিষয়টির নিন্দা জানান। তিনি এটিকে ‘লজ্জার’ এবং ম্যুলারের তদন্তকে ‘উইচ হান্ট’ বলে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, এসব প্রশ্নের কোনোটির রাশিয়ার সঙ্গে তাঁর নির্বাচনী ক্যাম্পেইনের ‘আঁতাত’ প্রসঙ্গে নয়। এ-ও বলেন, আঁতাতের খবর একটি ‘ভুয়া’ খবর।

বিশেষ কাউন্সেলের করা প্রশ্নগুলোর বেশির ভাগই জানা বিষয়। যেমন ২০১৬ সালের জুনে ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের প্রচার শিবিরের কর্মীদের মধ্যকার বৈঠক, হিলারি ক্লিনটনের তথ্য-উপাত্ত নষ্ট করে দিতে রাশিয়ার প্রতিশ্রুতি, মস্কোতে আবাসিক ব্যবসার প্রস্তাব—এগুলো রয়েছে।

ম্যুলার ট্রাম্পের কাছে বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠান সম্পর্কে, তাঁর প্রতিক্রিয়া ও তাঁদের সঙ্গে তাঁর যোগাযোগ বা সেখানে অন্য যাঁরা ছিলেন তাঁরা কী বলেছেন, এসব বিষয়ে জানতে চাইবেন। এমনকি সাবেক এফবিআইয়ের পরিচালক জেমস বি কোমির সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কী কথা হয়েছিল, সেসব বিষয়েও জানতে চাইতে পারেন।

গত মার্চে প্রশ্নগুলো প্রণয়ন করা হয়। পরে ওই মাসের শুরুর দিকে ট্রাম্পের প্রধান আইনজীবী জন দাউদ ম্যুলারের সঙ্গে দেখা করেন। দাউদ বলেন, দেশ চালাতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ব্যস্ত সময় কাটাতে হয়। সাক্ষাৎকার দেওয়ার মতো সময় তাঁর নেই।

জবাবে ম্যুলার বলেছিলেন, কোমিকে বরখাস্ত করার পেছনে ট্রাম্পের কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা-ই জানতে চাওয়া হবে। এ ছাড়া জুরি বোর্ডের সামনে তাঁকে হাজির হতে সমন জারি হতে পারে। সমনের বিষয়টি প্রথম দ্য ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে।

কয়েক দিন পর ম্যুলারের এক আইনজীবী দাউদকে আরেক বৈঠকের আয়োজন করতে ডেকে পাঠান। এর উদ্দেশ্য ছিল ট্রাম্পকে সাক্ষাৎকারে বসতে রাজি করানো। এই বৈঠকে ম্যুলারের মুখোমুখি হওয়া তদন্তকারীরা দাউদের হাতে প্রশ্নের তালিকা তুলে দেন। প্রশ্নগুলো দেখার পর দাউদ বেশ ভালো বুঝতে পারেন যে ট্রাম্পকে ম্যুলারের কাছে পাঠালে সমস্যা হবে।

সেখান থেকে ফিরে দাউদ ট্রাম্পকে বৈঠকে না বসার পরামর্শ দেন। কারণ এতে তাঁর ঝুঁকি বাড়বে। কিন্তু ট্রাম্প দাউদের পরামর্শকে এড়িয়ে ম্যুলারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানান।

হোয়াইট ওয়াটারের সাবেক কৌঁসুলি ও আর স্ট্রিট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো পল রোজেইনউইগ বলেন, ‘তাঁর (ট্রাম্প) কাছে হয়তো জানতে চাইবে তাঁর জানার উৎস কী, আপনি কখন এটা জানতে পারলেন, কে আপনাকে বলল আর তারা ঠিক কী বলল। বিষয়টি এমন হবে না যে আপনি জানতে চাইবেন ট্রাম্প টাওয়ার মিটিংয়ে কী হয়েছিল আর তিনি আপনাকে উত্তর দেবেন।’

ডিউক ইউনিভার্সিটির অপরাধ আইন বিষয়ক অধ্যাপক স্যামুয়েল ডব্লিউ বুয়েল বলেন, ‘কী জানেন, কীভাবে জানেন, এমন প্রশ্ন করবে না। তারা দেখবে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার মন পরিষ্কার কি না বা তার আইন ভাঙার ইচ্ছে আছে কি না।’ তবে ট্রাম্পের আইনজীবী উইসেনবার্গ বলেন ম্যুলারের ফোকাস থাকবে কোমিকে বরখাস্ত, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে বরখাস্ত বা ম্যুলারের হাতে দণ্ডপ্রাপ্তদের ক্ষমা বা বিশেষ কাউন্সেলকে ভেঙে দিতে বিচার বিভাগের ওপর চাপ—এসব বিষয়ে ট্রাম্পের মনোভাব কী ছিল, তা জানা।

হার্ভার্ড ল স্কুলের ফৌজদারি আইনবিষয়ক অধ্যাপক এলান এম দারশোউইটৎস বরাবরই ট্রাম্পের পক্ষে সাফাই গান। গত সোমবার তিনি সিএনএনকে বলেন, ট্রাম্প কোনো প্রশ্নের উত্তর দিতে না চাইলে তিনি সাংবিধানিক ক্ষমতার বলে তা না দিতেই পারেন। কিন্তু সমস্যা হলো, তাঁকে যদি প্রেসিডেন্ট হওয়ার আগের সময়ের প্রশ্ন করা হয়।

ট্রাম্পের অনেক গোপন কথা এখন ম্যুলারের জানা। তাই উইনসবার্গ মনে করেন ট্রাম্পের আইনজীবীরা কৌশলগতভাবে দুর্বল অবস্থানে আছেন।