যত নজর সুইং স্টেটের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কিছু অঙ্গরাজ্যকে ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেট হিসেবে চিহ্নিত করা হয়। মার্কিন গণতন্ত্র মূলত দ্বিদলীয় কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তাই প্রতিটি নির্বাচনের আগে এই দুই দলের কোনটি কোথায় জনপ্রিয় তার ভিত্তিতে সম্ভাব্য বিজয়ীর একটি আগাম হিসাব করা হয়। এর সঙ্গে যুক্ত থাকে ঐতিহাসিক প্রবণতাও। ফলে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে একটি বড় অংশকেই আগে থেকে রিপাবলিকান বা ডেমোক্র্যাট অভিধায় চিহ্নিত করা যায়। কিন্তু তারপরও কিছু অঙ্গরাজ্য থেকে যায়, যেগুলোকে ঠিক এভাবে ভাগ করা চলে না, যেখানে দুই দলের যেকোনোটি জয় পেতে পারে।

সুইং স্টেট কি?

রাষ্ট্র দ্বিদলীয় কাঠামোর ভিত্তিতে চললেও জনগণকে এই বাইনারিতে ভাগ করা যায় না। ফলে শুধু রিপাবলিকান বা ডেমোক্র্যাট দিয়ে সবাইকে চিহ্নিত করা যায় না। উল্লেখযোগ্যসংখ্যক স্বতন্ত্র ভোটার রয়েছে যুক্তরাষ্ট্রে। এই স্বতন্ত্র ভোটারের সংখ্যা, দুই দলের সমর্থকদের সংখ্যা ইত্যাদি নানা বিবেচনায় সুইং স্টেট তকমা পায় অঙ্গরাজ্যগুলো। মূলত, কোনো নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জরিপে যদি দেখা যায় কোনো অঙ্গরাজ্যে দুই দলের কেউই সুস্পষ্ট ফেবারিট নয়, তখন সেই অঙ্গরাজ্যকে সুইং স্টেট হিসেবে চিহ্নিত করা হয়।

এবার যেসব রাজ্যকে সুইং স্টেট ধরা হচ্ছে

এবারের নির্বাচনের আগেও বিভিন্ন সংবাদমাধ্যম ও জরিপকারী প্রতিষ্ঠানের করা জনমত জরিপ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতের ভিত্তিতে আটটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এর মধ্যে গত নির্বাচনে ডেমোক্র্যাট থেকে রিপাবলিকান অঙ্গরাজ্যে পরিণত হওয়া ছয়টি অঙ্গরাজ্য রয়েছে। এগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন ও আইওয়া। সঙ্গে এবারের প্রবণতাকে বিবেচনায় নিয়ে অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনাকেও এই সুইং স্টেটের কাতারে ফেলা হয়েছে। এ দুই অঙ্গরাজ্যে গত কয়েকটি নির্বাচনে রিপাবলিকানরা জয় পেলেও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন মনে হচ্ছে।

কোথায় কত ইলেকটোরাল কলেজ

এই আট সুইং স্টেটে রয়েছে মোট ১২৫টি ইলেকটোরাল ভোট। এর মধ্যে ফ্লোরিডায় ২৯, পেনসিলভানিয়ায় ২০, ওহাইওতে ১৮, মিশিগানে ১৬টি, উইসকনসিনে ১০, আইওয়ায় ৬, নর্থ ক্যারোলাইনায় ১৫ ও অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে। এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে ২টি ছাড়া বাকি সবকটিতে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আর দুটিতে এগিয়ে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এগিয়ে থাকা অঙ্গরাজ্যগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনা। এর মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে বাইডেনের অবস্থান বেশ ভালো। এই অঙ্গরাজ্যগুলোয় বাইডেন গড়ে সাড়ে ৬ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। সুইং স্টেটগুলোর মধ্যে ট্রাম্প এগিয়ে রয়েছেন ওহাইও ও আইওয়াতে। তবে এই এগিয়ে থাকাটা খুব বেশি ব্যবধানে নয়। এ দুই অঙ্গরাজ্যে ট্রাম্প বাইডেন থেকে ১ শতাংশের কিছু বেশি পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।

আরও যেদিকে নজর থাকছে

এর বাইরে বিভিন্ন সংবাদমাধ্যম সুইং স্টেট হিসেবে আরও কিছু অঙ্গরাজ্যের দিকে নজর রাখার কথা বলেছে। এর মধ্যে জর্জিয়া, মিনেসোটা ও টেক্সাসের নামও রয়েছে, যেখানে ইলেকটোরাল ভোট রয়েছে যথাক্রমে ১৬, ১০ ও ৩৮। এ তিন অঙ্গরাজ্যে দুই প্রার্থীর প্রতি ভোটার সমর্থনের হারে ব্যবধান খুব কম। সাধারণত জনমত জরিপগুলোর ক্ষেত্রে ‘মার্জিন অব এরর’ হিসেবে ৫ শতাংশ পয়েন্টকে বিবেচনা করা হয়। এ তিন অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে জনসমর্থনের হারে ব্যবধান ৫ শতাংশ পয়েন্টের কম। তবে এর মধ্যে টেক্সাসের কথা এলেও এই অঙ্গরাজ্যের ইতিহাস বলে প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটিতে রিপাবলিকান প্রার্থীরাই জয় পান।