যমজ হয়েও জন্মের বছর ভিন্ন কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমজ হয়েও আলফ্রেডো ও আইলিনের জন্মের বছর আলাদা
ছবি: ফেসবুক

যমজ হয়েও জন্মের বছর আলাদা—এমনটা কি কখনো শুনেছেন? সম্প্রতি এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ১৫ মিনিট সময়ের ব্যবধানে যমজ দুই ভাই-বোনের জন্ম হওয়ায় তাদের জন্মের বছর হয়ে গেছে আলাদা। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক পিপল ম্যাগাজিনের বরাতে ভারতের এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিরল এই ঘটনা ঘটেছে খ্রিষ্টীয় নতুন বছর শুরুর মুহূর্তেই। ২০২১ সালের শেষ দিন অর্থাৎ গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে যমজ দুই ভাই-বোনের মধ্যে প্রথম জনের জন্ম। এর ১৫ মিনিট পর ২০২২ সালের শুরুর মুহূর্তে অর্থাৎ ১২টায় দ্বিতীয় শিশু পৃথিবীর মুখ দেখে। এতেই তাদের জন্মের বছর বদলে যায়।

যমজ ভাই-বোনের মধ্যে ছেলে সন্তানটির নাম রাখা হয়েছে আলফ্রেডো। আর তার বোনের নাম আইলিন। আইলিনের জন্ম ২০২২ সালে। এর ১৫ মিনিট আগে অর্থাৎ ২০২১ সালের শেষ মুহূর্তে জন্ম আলফ্রেডের। তাদের মা ফাতিমা মাদ্রিগাল ও বাবা রবার্ট ট্রুজিলো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গ্রিনফিল্ড শহরের বাসিন্দা।

নাটিভিডাড মেডিকেল সেন্টারে তাদের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ফেসবুকে দুই নবজাতকের ছবি পোস্ট করে তাদের আলাদা বছরে জন্ম হওয়ার কথা জানায়।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নবজাতক এখন সুস্থ ও ভালো আছে। জন্মের সময় আইলিনের ওজন ছিল ২ দশমিক ৬৬ কিলোগ্রাম। আইলিনের যমজ ভাই আলফ্রেডোর ওজন ছিল ২ দশমিক ৭৫ কিলোগ্রাম।

দুই সন্তানের পৃথক জন্মসাল হওয়ায় শিশু দুটির মা–বাবা খুশি। ফাতিমা মাদ্রিগাল বলেন, ‘আমার দুই সন্তান যমজ হওয়ার পরও তাদের জন্মদিন আলাদা হওয়ার ব্যাপারটি আমার কাছে অত্যন্ত আনন্দের। আইলিন মধ্যরাতে জন্ম নেওয়ায় আমি একই সঙ্গে বিস্মিত ও খুশি।’