করোনাভাইরাস নিয়ে নিউইয়র্কসহ আমেরিকার বেশ কিছু অঙ্গরাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১ ডিসেম্বর ওই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগের সংক্রমণ দেখে চীনের কর্তৃপক্ষ প্রথম বিশ্বস্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। কিছুদিন আগে আমেরিকার ওয়াশিংটন ও শিকাগোতে করোনাভাইরাসে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়। সর্বশেষ ২৬ জানুয়ারি করোনাভাইরাসের আরও তিনটি কেস নির্ণয় করা হয়। অ্যারিজোনার মেরিকোপা কাউন্টি এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে নতুন এ তিনজনকে শনাক্ত করা হয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চীন ভ্রমণ করে আসা ব্যক্তির মাধ্যমেই করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। সংশ্লিষ্ট রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য রোগীদের থেকে পৃথক রাখা হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।
আমেরিকার কোথাও কোনো ব্যক্তি থেকে ব্যক্তিতে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাসে আক্রান্ত শেষ যে ব্যক্তির সন্ধান পাওয়া গেছে, তা থেকে ভাইরাসটি ছড়ানোর তেমন ঝুঁকি নেই। শ্বাসযন্ত্রে অসুস্থতার লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি ভ্রমণের বিষয়েও সতর্ক থাকতে হবে।
লস অ্যাঞ্জেলস স্বাস্থ্য বিভাগের পরিচালক বারবারা ফেরার বলেন, ‘যেহেতু করোনাভাইরাসটি নতুন, তাই আমরা প্রতি দিন এর সংক্রমণের ধরনসহ বিভিন্ন বিষয়ে আরও বেশি করে শিখছি। এ বিষয়ে আরও তথ্য পেলে, তা সবাইকে অবহিত করা হবে।’
চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে দু হাজার ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়ে গেছে। চিকিৎসকেরা উপসর্গের জন্য কমপক্ষে ১৪ দিনের জন্য সব রোগীর ঘনিষ্ঠ পরিচিতিজনদের পর্যবেক্ষণ করছেন। এ নিয়ে আতঙ্কিত না হতে সবাইকে অনুরোধ জানিয়েছেন চিকিৎসকেরা।
করোনাভাইরাস কি? করোনাভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে। কিন্তু এর মধ্যে মাত্র সাতটি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি হয়তো মানুষের দেহে সংক্রমণের জন্য নিজের রূপ বদলে নিয়েছে, যে কারণে এটি সহজে শরীরের মধ্যে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারছে। এ কারণেই এটি বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।
করোনাভাইরাস প্রথম ১৯৬০-এর দশকে শনাক্ত করা হয়। তবে ভাইরাসটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এর আকার অনেকটা মুকুটের মতো বলে এর এ নামকরণ করা হয়েছে। বেশির ভাগ করোনাভাইরাস অন্য ঠান্ডাজনিত ভাইরাসের মতোই ছড়িয়ে পড়ে। সংক্রমিত ব্যক্তির কাশি ও হাঁচি, হাত বা মুখের স্পর্শে এটি ছড়ায়। এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। শরীরে এটি ছড়িয়ে পড়লে কিডনি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ অকেজো করে দিতে পারে এবং নিউমোনিয়াসহ নানা জটিলতার সৃষ্টি করতে পারে, যা এমনকি মৃত্যু ঘটাতে পারে।
গবেষকেরা বলছেন, প্রত্যেকেই জীবনে কমপক্ষে একবার হলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়। শিশুদের মধ্যেই এর সংক্রমণ বেশি হয়। আমেরিকায় শরৎ ও শীতে এ ভাইরাসের সংক্রমণ বেশি হয়। তবে সারা বছরই এর সংক্রমণ হতে পারে। এর প্রধান লক্ষণ হাঁচি, কাশি, গলা ব্যথা এবং কখনো কখনো জ্বরসহ শ্বাসকষ্ট। ভাইরাসটি শরীরে প্রবেশের পর এর লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন সময় লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনো কাশি।
করোনাভাইরাসের সঠিক কোন চিকিৎসা বা প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে মানুষকে নিয়মিত হাত ভালোভাবে ধোয়া, হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা, বাইরে গেলে মুখোশ পরিধান করা এবং ঠান্ডা ও ফ্লু আক্রান্ত মানুষ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।