যাত্রা
টেমসের পারে কাঠের বেঞ্চে শুয়ে উদোম আকাশের দিকে চেয়ে আছি আমি। এইমাত্র ইমিগ্রেশনের তাড়া খেয়ে পালিয়ে এসেছি। অবৈধ অভিবাসী হিসেবে দশ বছরে পাঁচবার পালানোর অভিজ্ঞতা হয়েছে। এসব গায়ে মাখি না। এ জন্য আমার মনে কোনো কষ্ট, ক্ষোভ বা হতাশা নেই। আনন্দও নেই। এ ঘাটে ও ঘাটে ঘুরে ঘুরে অভ্যাস হয়ে গেছে।
আকাশে তারার মেলা। আমি চোখ বুজে থাকি। চারপাশ দেখতে চাই না। নিয়নের মৃদু আলোয় আমার মুখে চলছে আলো-আঁধারের অদৃশ্য খেলা। আমি ভাবছি, অষ্টাদশী বোনটা এবার ইউনিভার্সিটি যাবে। পাস করে বের হলে তার বিয়ে দিতে হবে। সে অনেক কাজ। বড় ভাই ফোনে জানিয়েছেন, ঈদের আগে আরও ১০ লাখ টাকা চাই তার ব্যবসার জন্য। প্রতিযোগিতা বেড়ে গেছে। হুন্ডি ব্যবসায়ীর সাথে কথা বলে রেখেছি, কিস্তিতে পাওনা পরিশোধ করব।
‘তোর দুলাভাইয়ের শরীরটা ভালো যাচ্ছে না, ঢাকায় নিয়ে চিকিৎসা করা প্রয়োজন’, বড়পা কাঁপা কাঁপা কণ্ঠে আরও বলেন, ‘জানিস তো, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে আর কত কামানো যায়!’ আমি সব বুঝি রে আপা। মাস শেষে বাবার হাত খরচের টাকাটাও পাঠানো হয়নি। ভাতিজা-ভাতিজির কেজি স্কুলের খরচটা বেড়েই চলছে দিনদিন। ভালো রেজাল্টের জন্য আবার নানা শিক্ষকের কাছে পড়তে যেতে হয়।
মাকে ফোন করলেই শুধু কাঁদেন। এ কান্নার কারণ বুঝি না আমি। আমার হিসেবে, মা তো এখন অনেক সুখী। স্বামীর পুরাতন টিনের বাড়িটা দ্বিতল পাকা ভবন হয়েছে। বড় ছেলে শহরের নামকরা ব্যবসায়ী। বাইশ লাখ টাকার এয়ারকন্ডিশন গাড়ি করে সবাই ঘোরাফেরা করে। বাবুর্চি, ড্রাইভার, মালিসহ চারজন লোক হুকুমের দাস; আর কী চাই তার? আসলে মায়েদের বোঝা বড় কঠিন!
রাত গাঢ় হয়ে আসছে। বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়াই। থামলে চলবে না। অনেক কাজ। অনেক পথ যেতে হবে। নতুন গন্তব্য খুঁজে যাত্রা করা প্রয়োজন…এখনই।