যাত্রী ওঠানামার সময় বাসের উভয় দরজা খোলার দাবি

দ্রুত চলাচল এবং বাড়তি নিরাপত্তার জন্য বাসের উভয় দরজা দিয়ে যাত্রীদের বাসে ওঠার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নিউইয়র্কের বাসচালকেরা।
পরিবহনের অ্যাডভোকেসি গ্রুপ মনে করে, বাসের সামনের ও পেছনের দরজা দিয়ে যাত্রীদের ওঠার ব্যবস্থা করা হলে যাত্রীদের বাসে তুলতে চালকদের কম সময় লাগবে। ফলে বাস চলাচলে গতি বাড়বে এবং নির্ধারিত সময়ে কোনো স্টেশনে দেরি হওয়ার সমস্যাও দূর হবে।
বাসচালকদের ইউনিয়ন তাদের প্রতিনিধিত্ব করে। পরিবহন কর্মীদের লোকাল ১০০ নামের ইউনিয়ন এ দাবির সঙ্গে একমত এবং নিরাপত্তাও বাড়াবে বলে বলেছে। সর্বোপরি কোনো কোনো যাত্রীর ভাড়া ছাড়াই বাসে ওঠার জন্য চালকদের কাছে অনুনয় করার সুযোগের ইতি ঘটবে। এ ধরনের প্রবণতার কারণেও বাস ছাড়তে অনেক সময়েই অযথা বিলম্ব ঘটে।
ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ১০০’ এর নব-নির্বাচিত সভাপতি টনি উত্যানো বলেন, প্রথম এ দাবি পূরণ হলে বাস আরও দ্রুততার সঙ্গে চলবে এবং আমাদের বাসচালকদের যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্কের জন্য উদ্বিগ্ন হতে হবে না। যাত্রীদের সঙ্গে বাদানুবাদের পরিণতিতে যাত্রীদের হাতে বাসচালকদের নিগৃহীত হতে হয়। তাদের মারধর করা হয়। তাদের প্রতি কফি নিক্ষেপ করা হয়। এগুলোর ইতি হওয়া দরকার। ইউনিয়নের নেতারা বলেছেন, তাঁদের সদস্যরা বাস চালাতে আসেন এবং তাঁরা নিরাপদভাবে বাস চালাতে সক্ষম।
উভয় দরজা খোলার রাখার দাবি এমন সময় তোলা হলো, যে মুহূর্তে এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটি) এর অধীনস্থ যানবাহনে প্রবেশের জন্য আধুনিক প্রযুক্তির কার্ড চালু করতে যাচ্ছে।
ট্রানজিট সেন্টারের সহকারী পরিচালক ত্যাবিথ্যা ডেকার বলেন, প্রবেশের জন্য সব দরজার ক্ষেত্রেই নতুন প্রযুক্তির ব্যবস্থা অধিকতর কার্যকর। ডেকার বলেন, ‘এ মুহূর্তে যে প্রক্রিয়ায় আমরা নিউইয়র্কে যাত্রীদের বাসে তুলছি, তা সেকেলে। যাত্রীগণ বাসে ওঠার জন্য একটি সারিতে অপেক্ষা করেন এবং সামনের দরজা দিয়ে একজন একজন করে বাসে ওঠেন। নতুন প্রযুক্তি আমাদের বাসের সব দরজা দিয়ে বাসে ওঠার সুযোগ দেবে। এটা খুবই সময়োপযোগী সুযোগ।’
এমটিএ’র নিজস্ব পরিসংখ্যানে দেখা গেছে, নিউইয়র্ক নগরের বাসস্টেশনগুলো থেকে যাত্রীদের ওঠাতে বাসগুলোকে দেওয়া সময়ে ২২ শতাংশ ব্যয় হয়ে যায়। সব দরজা দিয়ে যাত্রীরা বাসে উঠতে পারলে নির্দিষ্ট স্টেশনে পৌঁছতে অনেক কম সময় লাগবে।
এমটিএ’র মুখপাত্র শামস তারেক বলেন, তার সংস্থা সব দরজা দিয়ে যাত্রীদের প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন বাসে প্রবেশের ভাড়া পরিশোধের জন্য আমরা উন্নত প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি।