যাত্রীদের যেভাবে সম্বোধন করতে হবে চালকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুভাষী, নানা জাতিগোষ্ঠী আর বহুবর্ণের নগর নিউইয়র্কের ট্যাক্সিক্যাব চালকদের যাত্রীদের সঙ্গে ইংরেজি ভাষাতেই যোগাযোগ বা কথা বলতে হয়। এ নিয়ে বিড়ম্বনার শেষ নেই। ক্যাবচালকদের বিরুদ্ধে যাত্রীদের প্রধান অভিযোগ ভাষাগত সমস্যা নিয়ে। ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে অনেক ক্যাবচালকই যাত্রীদের সঠিকভাবে সম্বোধন করতে পারেন না বা ভুল সম্বোধন করেন।

ভাষাগত সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক নগরের ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন। তারা ১১ ডিসেম্বর এক লাখ লাইসেন্সধারী ক্যাবচালকের কাছে এ নিয়ে একটি নির্দেশিকা পাঠিয়েছে। যাত্রীদের গ্রহণযোগ্য সম্বোধন কীভাবে করতে হবে, এ বিষয়ে ক্যাবচালকদের ইমেইলে তথ্য দেওয়া হয়েছে। এতে এজেন্সির সব ট্যাক্সি এবং অ্যাপভিত্তিক চালকদের তাদের যাত্রীদের সম্বোধন করতে সঠিক সর্বনাম ব্যবহারে উৎসাহিত করা হয়। এসব সর্বনাম হচ্ছে, ‘হি’ ‘সি’ ‘হিম’ ‘হিজ’ ‘হার’ ‘দ্যায়’ ‘দ্যায়ার’ ইত্যাদি। নির্দেশিকায় সতর্ক করা হয় এই বলে, ‘ইট’ অথবা ‘হি-সি’ জাতীয় সর্বনাম ব্যবহার করলে তা সমকামী নারী-পুরুষ, উভকামী, দ্বি-লিঙ্গ, উভলিঙ্গদের প্রতি অভদ্রোচিত বিবেচিত হতে পারে।

কমিশনের মুখপাত্র অ্যালেন ফ্রমবার্গ বলেন, ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন লাইসেন্সধারী ক্যাবচালকদের প্রতি বিভিন্ন বিষয়ে এ ধরনের নির্দেশনা সময়-সময় প্রেরণ করে থাকে। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এজেন্সির পক্ষ থেকে সার্ভিস অ্যানিমেল এবং হুইলচেয়ার যাত্রীদের বহন সংক্রান্ত নির্দেশপত্রও চালকদের কাছে পাঠানো হয়। বিভিন্ন সময়ে এসব নির্দেশ পাঠিয়ে প্রকারান্তরে ক্যাবচালকদের হয়রানি করা হয়ে থাকে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ফ্রমবার্গ বলেন, ‘গ্রহণযোগ্য সর্বনামে যাত্রীদের সম্বোধনের যে নির্দেশিকা ইমেইল করা হয়, তা টিএলসির কোন নতুন আইন অথবা নীতি নয়। এটি বহু-সাংস্কৃতিক নগরের বৈচিত্র্যপূর্ণ সম্ভাব্য যাত্রী সাধারণের সঙ্গে কথোপকথনের সাহায্যার্থে টিপস হিসেবে দেওয়া নির্দেশনা।’

ফ্রমবার্গের মতে, ‘এটি কেবল তথ্য বণ্টন, এর চেয়ে বেশি কিছু নয়।’
‘আন্তর্জাতিক সর্বনাম দিবস’-এর প্রতিষ্ঠাতা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এলজিবিটিকিউ কেন্দ্রের সহযোগী পরিচালক সাইগ সাকুরাইর মতে, ‘এলজিবিটিকিউ’ কমিউনিটি সদস্যদের জেন্ডার পরিচিতি অনেক ক্ষেত্রে অস্পষ্ট থাকে। কোন বিশেষণে তাদের উল্লেখ করা হলে যথাযথ সম্মান প্রদর্শন হবে, তাদের আবেগ ও মনস্তাত্ত্বিক দিক বিবেচনায় রেখে এমন বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়ক হবে এই নির্দেশিকা।’

উদাহরণস্বরূপ, একজন যাত্রী জেন্ডার পরিচিতির কারণে যদি চান তাকে ‘দ্য’, ‘দেম’ বলে উল্লেখ করা হোক অথচ অজ্ঞতাবশত বারবার তাকে ‘হি’, ‘সি’ সম্বোধন করা হলে তাঁরা ক্ষুব্ধ হতে পারেন। তিনি ট্রান্সজেন্ডার হলে তার জেন্ডারের প্রতি অবজ্ঞা অথবা জেন্ডারের কারণে তিনি নিজেকে গুরুত্বহীন মনে করতে পারেন।

নিউইয়র্ক সিটি টিএলসি গত বছর এজেন্সিতে ‘অফিস অব ইনক্লুশন ’ নামে নতুন শাখা খোলে। ১১ ডিসেম্বরের নির্দেশিকা ইমেইলটি আসে সেই অফিস থেকে। ট্যাক্সিচালকদের ‘যাত্রী গ্রহণে অস্বীকৃতি’ মোকাবিলা করতে গঠিত এই অফিসের অন্যতম কাজ হচ্ছে, চালকদের যাত্রী গ্রহণে বাছাই-বৈষম্যবিরোধী প্রশিক্ষণ দেওয়া। চালকদের বিরুদ্ধে যাত্রী সাধারণের কাছ থেকে প্রাপ্ত বৈষম্যের নালিশ নিষ্পত্তির কাজও এই অফিস থেকেই করা হয়ে থাকে।