যাত্রীদের সন্তুষ্টি অর্জনে পিছিয়ে পড়ছে জেএফকে
অন্যান্য বড় বিমানবন্দরের তুলনায় যাত্রীদের সন্তুষ্টির অর্জনে পিছিয়ে পড়ছে নিউইয়র্কের জেএফকে। জেডি পাওয়ার নামের একটি প্রতিষ্ঠানের প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২০১৭ সালের গবেষণামতে, আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের দুটি বিমানবন্দরে যাত্রীসেবার মান তথা যাত্রীদের সন্তুষ্টির দিক দিয়ে অনেক নিচে। জেডি পাওয়ার সারা বিশ্বের ব্যবসায়িক তথ্য-সংক্রান্ত সেবা প্রদান করে। ‘আমেরিকা এয়ারপোর্ট স্যাটিসফেকশন স্ট্যাডি’ বৃহদাকার ও মধ্যমাকারের বিমানবন্দরগুলোর ছয়টি উপাদানের আলোকে যাত্রীদের সন্তুষ্টির ক্রমাবস্থান নির্ধারণ করে থাকে। এ ছয়টি উপাদান হলো টার্মিনালের সুযোগ-সুবিধা, বিমানবন্দরে ঢোকার সুবিধা, প্রবেশযোগ্যতা,
নিরাপত্তা বিষয়টি পরীক্ষা করার প্রক্রিয়া, মালপত্র সহজে প্রাপ্তির সুযোগ, বিমানে প্রবেশের আগে যাত্রী ও মালপত্র পরীক্ষার প্রক্রিয়া এবং খাবার ও পানীয়সহ সামগ্রী প্রাপ্তির সুবিধা।
এসব সুযোগ-সুবিধার নিরিখে বছরে ৩২ দশমিক ৫ মিলিয়ন যাত্রী আসা-যাওয়া করে আমেরিকার এমন ১৮টি বড় বিমানবন্দরের মধ্যে বোস্টন লোগ্যান এবং নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের অবস্থান হলো যথাক্রমে ১৪ ও ১৫।
প্রতিবেদনে ৮৫০ পয়েন্টকে যাত্রীদের সার্বিক সন্তুষ্টি মান হিসেবে ধার্য করে। কিন্তু বোস্টনের ল্যাগন বিমানবন্দরের পয়েন্ট হলো ৭৩৩ এবং জেএফকের ৭২৭। বোস্টন ও নিউইয়র্কের থেকে আরও বিব্রতকর অবস্থায় রয়েছে শিকাগোর ‘ও’হেয়ার বিমানবন্দর, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বোচ্চ পয়েন্ট ৭৭৮ পেয়েছে অরল্যানডো আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ কোনো বিমানবন্দরই ৮৫০ পয়েন্ট পায়নি। এই শ্রেণিতে প্রথম স্থান পেয়েছে অরেঞ্জ কাউন্টির জন ওয়েন বিমানবন্দর এবং সর্বনিম্নে রয়েছে নিউইয়র্কের ল্যাগোডিয়া বিমানবন্দর।
অন্যদিকে ক্ষুদ্র বিমানবন্দর হিসেবে প্রথম স্থানে রয়েছে স্যাক্রামেন্টো আন্তর্জাতিক বিমানবন্দর। আর সর্বনিম্নে রয়েছে কানেটিকাটের ব্যাডেলি আন্তর্জাতিক বিমানবন্দর।