যাত্রীর হামলার শিকার উবারচালক শ্যামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ গোলাম রহিম শ্যামল
শাহ গোলাম রহিম শ্যামল

নিউইয়র্কে শাহ গোলাম রহিম শ্যামল নামের এক বাংলাদেশি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। উবারচালক শ্যামল ৩ জুন গভীর রাতে তাঁর যাত্রীর দ্বারা আক্রান্ত হন। পুলিশ শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
গোলাম রহিম শ্যামল জানিয়েছেন, স্থানীয় সময় ৩ জুন রাত প্রায় একটার দিকে তিনি ইয়ানকার্সে যাত্রী নামিয়ে দেওয়ার আগে অতর্কিতে হামলার শিকার হন। তিনি জানান, ওই যাত্রী ইয়ানকার্সে তাঁর বাসার সামনে গিয়ে যথারীতি ভাড়া পরিশোধ করেন। এ সময় শ্যামলকে একটি ফোন নম্বর দিয়ে নিজ ফোন থেকে তাঁর মাকে ফোন করার জন্য বলেন। একাধিকবার ডায়াল করার পরও যাত্রীর মা ফোন রিসিভ করছেন না বলে জানালে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় ওই যাত্রী মাকে ফোন করার জন্য শ্যামলের মুঠোফোনটি ব্যবহার করতে চান। শ্যামল মুঠোফোন দিতে অস্বীকৃতি জানালে প্রায় ২৬ বছর বয়সী ওই ব্যক্তি তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। ছুরিকাঘাতে শ্যামলের মুখ ও হাতে মারাত্মক জখম হয়। এ সময় আত্মরক্ষার্থে শ্যামল অন্যদিকে দৌড় দেন। ৯১১-এ ফোন দিলে পুলিশ সঙ্গে সঙ্গে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং হামলাকারীকে গ্রেপ্তার করে।
গুরুতর আহত শ্যামলকে স্থানীয় ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবায় শ্যামল শঙ্কামুক্ত হন। ওই দিন ভোররাত প্রায় সাড়ে তিনটার দিকে পুলিশ ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো অ্যাভিনিউর বাসায় তাঁকে পৌঁছে দিয়ে যায়। শাহ গোলাম রহিম শ্যামলের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায়। শ্যামল যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি পরিবার-পরিজন নিয়ে বাঙালি-অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারের ম্যাগ্রো অ্যাভিনিউ এলাকায় বসবাস করছেন।
এর আগেও নিউইয়র্কে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন প্রবাসী। দুর্বৃত্তদের আঘাতে গত বছর জ্যামাইকায় দুজন ইমাম ও একজন নারী প্রাণ হারান। গত বছর ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো অ্যাভিনিউর মসজিদে তারাবির নামাজে যাওয়ার সময় বাংলাদেশি আতিক আশরাফকে দুই কৃষ্ণাঙ্গ যুবক হামলা চালিয়ে মারাত্মক জখম করে। ওই বছর ব্রঙ্কসের স্টার্লিংয়ে হামলার শিকার হন বাংলাদেশি সোহেল চৌধুরী এবং ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান। ব্রঙ্কসে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মোয়াজ্জিন মজিবুর রহমানও হেইট ক্রাইমের শিকার হয়েছিলেন। গত বছরের ১ জুন রাতে মোহাম্মদ রশীদ খান নামের এক মুসল্লি হামলার শিকার হন জ্যামাইকা অ্যাভিনিউর ‘ইসলামিক স্টাডিজ সেন্টার’ মসজিদ থেকে বের হওয়ার পর।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে রমজান উপলক্ষে মসজিদসংলগ্ন এলাকায় বিশেষ টহলের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতেও পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।