যানজটে নাকাল আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে যেদিন প্রথম পা রাখি, সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দু/চার ফোঁটা বৃষ্টিও পড়ছিল। কনকনে বাতাসে আর অনভ্যস্ত ঠান্ডায় বেশ অস্বস্তি লাগছিল। বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন বাল্যবন্ধু মাসুদ চৌধুরী, সিলেটের এমসিতে আমার ছাত্র সাগর রায়, খালাতো ছোট ভাই সামনুন সিবলি, সহোদর জাকেরীন।
জেএফকে-টার্মিনাল ফোর থেকে পার্কিং লটে আসতে-আসতে আমার দৃষ্টি বারবার আকাশের দিকে যাচ্ছিল। কেন যেন মনে হচ্ছিল, পৃথিবীর বড় শহরগুলোর সড়কে যানজটের মতো ‘আজি হতে শতবর্ষ পরে’ অথবা আরও আগেই বড় বড় দেশের আকাশে–আকাশে উড্ডীন ঘুড়ি মেলার মতো বিমানজট দেখা দেবে হয়তো।
মিনিটে মিনিটে এত এত বিমানের উড়া–উড়িতে আমার ভাবুক মুখে বিমানজটের শঙ্কার কথা শুনে মিতু বিরক্ত হয়েছিলেন। হাওরাঞ্চলের প্রকৃতি-পরিবেশে জন্ম নেওয়া আমার ভাটি-বৈশিষ্ট্যের সঙ্গে সহধর্মিণী হিসেবে পরিচিত তিনি। তবে বাবাকে সায় দিয়ে মেয়েরা যুক্তি দিয়েছিল, ‘এসব শুনতে এখন একটু অন্যরকম শোনাচ্ছে বটে। ৫০/৫৫ বছর আগে পুরোনো ঢাকার ব্যস্ত হয়ে উঠতে থাকা রাস্তাঘাট নিয়ে সে সময় কারও আশঙ্কা শুনে তখনো হয়তো অন্যরকমই লেগেছিল অনেকের।’

জেএফকে টু জ্যামাইকা
আমরা চারজন ভাগাভাগি করে বসেছিলাম তিন গাড়িতে। বিমানবন্দরে রিসিভ করতে আসা সব কটি গাড়িতেই আমাদের প্রতিনিধিত্ব থাকার বিষয়টি দেখভাল করছিলেন মিতু। জেএফকে থেকে জ্যামাইকা অ্যাভিনিউতে সিবলির অ্যাপার্টমেন্টে আসতে সময় লেগেছে মিনিট ২০-২৫। জ্যামাইকা অ্যাভিনিউ ও রুফুস কিং পার্ক সংলগ্ন কো-অপ অ্যাপার্টমেন্টস বিল্ডিংয়ের তিন তলায় ছিমছাম ফ্ল্যাটটি সিবলির নিজের।
সিবলির সহধর্মিণী কামরুন খুলনার মেয়ে। আমাদের জন্য টেবিলে নানা পদের খাবার সাজাতে সাজাতে বলছিল, জ্যামাইকা-হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন নেইবারহুডে এ রকম আট শ-সাড়ে আট শ স্কয়ার ফুটের এক বেডরুম, এক বাথরুমের ফ্ল্যাটের ভাড়া এখন ১৭০০-১৮০০ ডলার আর ক্রয়মূল্য দুই-আড়াই কোটি টাকা। অথচ আট-দশ বছর আগেও এসব ফ্ল্যাট পাওয়া গেছে বাংলাদেশি টাকায় পঁচাত্তর লাখ থেকে এক কোটিতে। এদিকে বাসাবাড়ির ক্রয়মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাড়িভাড়াও। এ নিয়ে বাঙালি অধ্যুষিত জ্যামাইকা এলাকার বাসিন্দাদের ক্ষোভ নিজেদের কমিউনিটির লোকজনের ওপরই। পরিচিতজনেরা দোষারোপ করেন বাঙালির প্রতিযোগিতাপ্রবণ হুজুগকে।

আলোকিত বাতির বিষণ্ন ছায়া
জেএফকে থেকে জ্যামাইকা অ্যাভিনিউ সংলগ্ন রুফুস কিং পার্কের দূরত্ব সাড়ে আট-নয় কিলোমিটার। আসার পথে রাস্তাঘাট আর আশপাশের বাসাবাড়ি দেখে পৃথিবীর রাজধানী রূপে পরিচিত আর আমেরিকার এম্পায়ার স্টেট হিসেবে খ্যাত নিউইয়র্ক নিয়ে যারপরনাই হতাশ হয়েছিলাম!
গণমাধ্যমের কল্যাণে লেটেস্ট সব মুভি ও সিরিয়ালে দেখা গগনচুম্বী অট্টালিকা আর মসৃণ সড়কের বিপরীতে কোথাওবা ভাঙাচোরা ঢেউখেলানো রাস্তা আর ঝোলানো তারের বৈদ্যুতিক খুঁটি দেখে এ হতাশা বেড়েছিল বৈকি! আমেরিকা বা নিউইয়র্ক মানেই সর্বত্র সারি সারি অট্টালিকা নয় অথবা বাড়িঘরও সব ব্রিকের নয়, বরং সংখ্যাগরিষ্ঠ সাদা, ক্রিম, জলপাই, চকলেট এমনই নানা রঙের প্লাস্টিক জাতীয় শক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সারি সারি বাড়িঘরগুলো দেখে প্রথম দিন কেমন কাগুজে হয়ে পড়েছিল অনুভূতি। জেএফকে থেকে জ্যামাইকা অভিমুখে আসতে-আসতে আমার আগন্তুক-উপলব্ধি হচ্ছিল, কেবল ঢাকা/সিলেটে নয়, ‘জাতিসংঘের’ এই কসমোপলিটন সিটিতেও উঁচুনিচু, ভাঙাচোরা রাস্তাঘাট রয়েছে তাহলে!
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
‘বড় শহরে থাকার জায়গা ছোট থাকে আর ছোট শহরে থাকে বড়’—কথাটা কোথায় পড়েছিলাম মনে নেই। তবে পৃথিবীর জনসংখ্যাবহুল বড় নগরগুলোতে নির্ধারিত আয়ের নাগরিকদের জন্য এই বাস্তবতা নিরেট সত্য। আমাদের ভাড়া বাসাটিও তথৈবচ। বাসার জন্য সেমি ডাবল খাট, রিডিং টেবিল আর চার চেয়ারের ছোট একটা ডাইনিং টেবিল কিনতে পরদিন বড় খালাতো সাহেলী ভাইয়া নিয়ে গিয়েছিলেন শহরতলির লং আইল্যান্ড এলাকার শপিং জোনে। লিবার্টি অ্যাভিনিউ থেকে গাড়িতে দূরত্ব মিনিট ত্রিশের মতো।
লং আইল্যান্ড অনেক বড় এলাকা। এর কিছু নির্দিষ্ট স্থানে একাধিক শপিং প্লেস রয়েছে, যেগুলোতে জগৎখ্যাত মার্চেন্ট জায়ান্ট কোম্পানি কস্টকো, ওয়ালমার্ট, বেস্টবাই, মেসি, নর্ডস্টর্ম, জারা, গ্যাপ, ওল্ড নেভি, বানানা রিপাবলিক, এইচঅ্যান্ডএম, জেসি পেনি, মার্শাল, অ্যাডিডাস, বার্লিংটন, সেফোরা, স্কেচারস, ফুট লকার্স প্রভৃতি বিলাসী ও আকর্ষণীয় স্টোরের সমন্বয়ে আছে কয়েকটি অত্যাধুনিক শপিং মল। কস্টকো, ওয়ালমার্ট প্রভৃতিকে পাইকারি দরে তুলনামূলক সস্তায় নিত্যপণ্যের ভান্ডার বলা যেতে পারে। ইলেকট্রনিকস জিনিসপত্রের জন্য অনেকেরই নির্ভরতার জায়গা ‘বেস্ট বাই’ আর ফার্নিচারের জন্য প্রথম পছন্দ বিশ্বখ্যাত ‘আইকিয়া’।
আইকিয়াতে প্রদর্শিত ফার্নিচারের ডিজাইনের সঙ্গে আমাদের দেশের হাতিল, অটবি, আখতারের ডিজাইনের সাদৃশ্য চোখে পড়ার মতো। ফার্নিচারের দামও সহনীয়, সব ধরনের ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে। দেখতেও বাহারি ডিজাইন, রং আর দারুণ শৈল্পিক। বড় কথা, আইকিয়ার ফার্নিচারগুলো আমাদের দেশের হাতিলের বিজ্ঞাপনী ভাষা ‘স্লিম ইজ স্মার্ট’ স্লোগানকে মনে করিয়ে দেয়। স্বল্প পরিসরের বাসাবাড়ির জন্য খুব জুতসই এগুলো।

আমার আমি কে চিরদিন বাংলায় খুঁজে পাই
আমরা থাকি লিবার্টি অ্যাভিনিউয়ে। হিলসাইড অ্যাভিনিউ, জ্যামাইকা অ্যাভিনিউ এবং আর্চার অ্যাভিনিউর পরেরটিই ‘লিবার্টি’। হিলসাইড অ্যাভিনিউ থেকে দশ-বারো ব্লকের দূরত্ব। শুনেছি কেবল নিউইয়র্ক নয়, নগর-পরিকল্পনার দিক থেকে আমেরিকার সব কটি স্টেটই অনন্য। রাস্তাঘাট, বাড়িঘর, পার্ক, প্লে গ্রাউন্ড, শপিং মল, স্টেডিয়াম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, আবাসিক ও বাণিজ্যিক এলাকার অবস্থান সবই ছকে আঁকা, সাজানো, সুপরিকল্পিত। যে কারণে এখানে যেকোনো ঠিকানা সহজেই খুঁজে পাওয়া সম্ভব জিপিএসের সাহায্য ছাড়াই। নগরের আবাসিক এলাকার সারি সারি প্রায় একই ধাঁচের অবিকল বাড়িতে বৈচিত্র্যহীনতা লক্ষ্য করা গেলেও এর পরিকল্পিত পথঘাট দৃষ্টিনন্দন ও প্রশংসনীয়।
আমরা যে এলাকায় আছি তার চার/পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে আছে আমাদের দেশের মহল্লার মুদি দোকানের মতো
ছোট ছোট ‘ডেইলি গ্রোসারি’ স্টোর। ‘ডেইলি’ ছাড়া কাঁচাবাজার বা বড়সড় দোকানপাট/রেস্টুরেন্ট এদিকে নেই। প্রয়োজন
পড়লে হিলসাইড বা জ্যামাইকা অ্যাভিনিউয়ে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। বাসা থেকে মেট্রো বাস অথবা কাটা পথে হেঁটে গেলেও সমানই সময় লাগে জ্যামাইকা অ্যাভিনিউ অথবা হিলসাইডে যেতে।
জমজমাট হিলসাইড অ্যাভিনিউর ৯০-৯৫ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন।
দেশে অর্থকড়ি পাঠানোর সোনালী এক্সচেঞ্জ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্রাঞ্চ/বুথসহ দেশের ‘স্বপ্ন’ বা ‘আগোরা’র মতো বৃহদাকার ডিপার্টমেন্ট স্টোর মান্নান গ্রোসারি, প্রিমিয়াম, কাওরান বাজার, সি-টাউন, ছাপাখানা, ফার্মেসি, ফার্নিচার, বাংলা স্বাদের খাবার হোটেল, চাইনিজ রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, সেলুন, লন্ড্রি সবই রয়েছে এখানে। লন্ড্রি অবশ্য প্রতিটি মহল্লার আশপাশেও আছে। এসব লন্ড্রিতে কাপড় ধোয়া ও শুকানোর কাজ করা যায় অনায়াসে। বাংলাদেশের মাছ, মসলা, বিস্কুট, চাল, ডাল সবই সহজলভ্য হিলসাইডের কোম্পানিগুলোতে, তবে দাম অনেকটা বেশি। বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন থেকে ক্ষেত্রবিশেষে পাঁচগুণের মতো।
হিলসাইড এলাকার মতো জ্যাকসন হাইটস, ওজোন পার্ক, অ্যাস্টোরিয়া ইত্যাদি এলাকায় এলেও মনে হয় না দেশের বাইরে আছি। আর জ্যাকসন হাইটস তো নিউইয়র্কের ‘বাংলা টাউন’। বাঙালি বহুল এসব এলাকায় বসবাস করলে ইংরেজিতে কথা না বলেও বছরের পর বছর কাটিয়ে দেওয়া সম্ভব নিউইয়র্কে।