যানজটের ধকল কাটাতে সড়কে ধ্যানে বসলেন মেয়েটি

রাস্তায় প্রচণ্ড যানজট। গাড়ি সব নট-নড়নচড়ন। নরকতুল্য পরিবেশ। এই হাঁফ ধরা পরিবেশ থেকে রেহাই পেতে এক কাজ করলেন তিনি। গাড়ি থেকে বেরিয়ে ধ্যানমগ্ন হয়ে বসে গেলেন সড়কে। এমনটি করে যিনি যানজটজনিত ক্লান্তি থেকে একটুখানি স্বস্তি উপায় খোঁজেন, তিনি যুক্তরাষ্ট্রের সাংবাদিক ক্রিস্টিন বিজর্নসেন।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ফ্লোরিডায় মিয়ামি মহাসড়কে গত বুধবার মারাত্মক যানজটে আটকে ছিলেন সাংবাদিক ক্রিস্টিন। দুই ঘণ্টার মতো সময় পেরিয়ে গেলেও জট ছাড়ছে দেখে রাস্তায় তিনি শুরু করেন যোগাসন। ভারতীয় সনাতন এই শারীরিক কসরত তিনি বেছে নেন ক্লান্তি কাটাতে। সড়কের ওপর চাদর বিছিয়ে শুরু করেন ভুজঙ্গাসন। সহযাত্রীকে দিয়ে নিজের ছবিও তোলান তিনি। নিজের ভুজঙ্গাসনের এই ছবি ক্রিস্টিন টুইটারে পোস্ট দেন।
মিয়ামির ওই মহাসড়ক সেদিন বিশাল যানজটে অচল ছিল। ক্রিস্টিন গাড়ির পেট্রলের অবস্থাও ছিল করুণ। প্রথমে জানালা দিয়েই দেখেন, আশপাশে গাড়ি ছাড়া আর কিছুই নেই। বাধ্য হয়েই গাড়ি থেকে নেমে আসেন তিনি। গাড়ির ইঞ্জিনও বন্ধ করে দেন। ওপর থেকে আশপাশটা দেখতেও বেশ ভালোই লাগছিল তাঁর। নিজেকে চাঙা রাখার এই উপায় হিসেবে তখন তাঁর মাথায় আসে যোগাসনের কথা। শুরু করেন ভুজঙ্গাসন।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ক্রিস্টিন লেখেন, জাতীয় সড়কে দীর্ঘক্ষণ আটকে থাকার সময় মনের জট সরাতেই তিনি যোগাসনের কথা ভেবেছিলেন। তাঁর কথা, প্রচণ্ড ক্লান্তি কাটাতে যোগাসন একমাত্র পথ হতে পারে। তবে জাতীয় সড়কের মতো জায়গায় এসব খুব বেশি না করাই ভালো বলে জানান তিনি।
ক্রিস্টিন বের্নসেন মিয়ামি নিউ টাইমসে চাকরি করেন। যানজটে আটকে থাকার ওই অভিজ্ঞতার আলোকে সেখানে তিনি একটি ব্লগও লেখেন। টুইটারে তাঁর ছবি দেখে পাঠকেরা প্রত্যেকে স্বাভাবিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে জাতীয় মহাসড়কের মতো স্থানে ঝুঁকি নিয়ে এমন কাজ না করার পরামর্শও অনেকে দিয়েছেন। এ নিয়ে ক্রিস্টিন বিজর্নসেনের মধ্যেও অপরাধবোধ যে কাজ করেনি তা নয়। তাই নিজে ঝোঁকের বশে এমন কাজ করে ফেললেও অন্যদের এমন কাজে উৎসাহ দিতে চান না ক্রিস্টিন।