যুক্তরাজ্যে ট্যাক্সি চালিয়ে সংসার সামলান শেলী
যুক্তরাজ্যে পেশাদারিতে বাঙালি পুরুষের পাশাপাশি বাঙালি নারীরাও এখন কোনো অংশে কম নয়। তাঁরাও সমান তালে এগিয়ে যাচ্ছেন। বাঙালি মুসলিম নারীদের চ্যালেঞ্জিং পেশায় খুব একটা দেখা যায় না। নর্দাম্পটনশায়ারের করবির বাঙালি নারী শেলী উল্লাহ এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি প্রথম বাঙালি বাঙালি নারী, যিনি হিজাব পরে ট্যাক্সি চালানোর চ্যালেঞ্জিং পেশায় কাজ করছেন।
বিবিসিসহ ব্রিটেনের মূলধারার মিডিয়াগুলো শেলী উল্লাহর এই বিষয়টি ফলাও করে প্রচার করেছে। শেলীর জবাব, ‘আমি চিন্তা করলাম, কোন একটি কাজ করতে হবে। মনে হলো, ট্যাক্সি চালালে ঘরেও সময় দেওয়া যাবে। তারপর ড্রাইভিং পরীক্ষা দিলাম। দ্বিতীয় চেষ্টাতেই পাস করে ফেলি। তারপর চার বছর ধরে কাজ করছি।’
ভোরে কাজ শুরু করেন শেলী। কিছু সময় কাজ করার পর ঘরে এসে বাচ্চাদের স্কুলে দিয়ে আবার কাজ শুরু করেন। শেলী বলেন, ‘আমার মনে হয়, অন্যান্য কাজ চেয়ে ট্যাক্সি চালানো ভালো। বাজার করে এসে ঘরে রান্নাবাড়াসহ সংসারের অনেক কাজ করতে পারি।’
চার মেয়ে ও এক ছেলেসহ পাঁচ সন্তানের জননী শেলী তার স্বামী-সন্তানসহ থাকেন করবির একলিবেল এলাকায়। বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোসগাঁও গ্রামে। করবি কাউন্সিলের মোট চারজন নারীর মধ্যে একমাত্র তিনিই মুসলিম নারী যিনি ট্যাক্সি চালানোর পেশায় জড়িত। শেলীর স্বামী হারুন রশীদও ট্যাক্সিক্যাব চালান।
হিজাব পরে ট্যাক্সি চালাতে গিয়ে কোনো বিড়ম্বনার মুখে পড়তে হয়নি বলে জানালেন শেলী। তবে যোগ করলেন, ‘কেউ কেউ ট্যাক্সিতে উঠে বলে, তুমি হিজাব পরো কেন?’ আমি তাদের বোঝাই, এটা আমাদের মুসলিম ধর্মের পোশাক, তাই পরি। তার আর কিছু বলে না।’
তবে কিছু যাত্রী যারা মদ খেয়ে উঠে, তারা আমাকে নানা ধরনের গালাগাল করে। তবে সেসব বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দিতে হয়। কাজের প্রতি শ্রদ্ধা থাকলে যেকোনো পেশাতেই বাঙালি নারী সফল হতে পারবেন উল্লেখ করে শেলী বলেন, আমি চাই নারীরা আমার মতো এ পেশায় আসুক। কারণ এ পেশা স্বাধীন পেশা। পরিবার কে সময় দেওয়া যায়।’