
যুক্তরাজ্যের অবশ্যই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী তার ক্ষমতার বলয় বজায় রাখার স্বার্থেই যুক্তরাজ্যের এটা করা উচিত। ওই সাক্ষাৎকারে ওবামা ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি মার্কিন কংগ্রেসে পাস হবে বলেও আশা প্রকাশ করেন। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
বারাক ওবামা সাক্ষাৎকারে বলেন, ‘ইইউ বিশ্বকে আরও নিরাপত্তা এবং আরও উন্নতির দিকে নিয়ে গেছে। ইইউতে যুক্তরাজ্য থাকায় আন্তআটলান্টিক জোটের শক্তি সম্পর্কে আমরা আরও আস্থাশীল হয়েছি।’
ওবামা আরও বলেন, ‘যুক্তরাজ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো সহযোগী নেই আমাদের।’
যুক্তরাজ্য ভবিষ্যতে ইইউতে থাকবে কি না, তা নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন নতুন মেয়াদে নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, ইইউর নিয়মনীতিতে তাঁর চাহিদামতো সংস্কার হলেই কেবল এই জোটে থেকে যাওয়ার পক্ষে অবস্থান নেবেন।
তবে ইইউতে থাকতে যুক্তরাজ্যকে দেওয়া ওবামার পরামর্শে সন্তুষ্ট নন অনেক ব্রিটিশ এমপি। ইউরোবিরোধী বলে পরিচিত কনজারভেটিভ পার্টির এমপি জন রেডউড বলেন, ‘ইইউতে থাকার কারণে যুক্তরাজ্যের লাভ হচ্ছে, ওবামার এ ধারণা ভুল।’
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য যুক্তরাজ্য ইনডিপেনডেন্স পার্টির সদস্য ও’ফ্লিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বার্থে যুক্তরাজ্যের ইইউতে থাকার জন্য চাপ দেওয়া একবারেই অনুচিত।’
সাক্ষাৎকারে ওবামা আরও বলেন, ক্ষমতায় থাকার সময় আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাস করতে না পারাটা তাঁর একটি বড় হতাশার কারণ।