
যুক্তরাষ্ট্র শাখা জাসদের সভায় আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বক্তব্যকে ঘিরে যে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সাউথ জার্সি মেট্রো শাখার নেতারা। গত ২২ নভেম্বর সন্ধ্যায় গরমেট রেস্টুরেন্টে ওই সভা হয়।
সভায় সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য প্রচার করে তাঁর ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা।
সভায় আগামী ২০ ডিসেম্বর ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীমউদদীন ব্যক্তিগত কাজে দীর্ঘদিন অন্য রাজ্যে অবস্থান করেছিলেন। সম্প্রতি তিনি নিউজার্সি ফিরে এসেছেন। সভায় পুষ্পস্তবক দিয়ে তাঁকে বরণ করে নেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীমউদদীনের সঞ্চালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আবদুল জামিল, গোলাম হাফিজ, সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, শহীদ খান, অভিজিৎ চৌধুরী লিটন, বিপ্লব দেব, ফরহাদ সিদ্দিক, রওশনউদদীন, জয়ন্ত সিনহা প্রমুখ।