প্রধানমন্ত্রীর জন্মদিনে নিউইয়র্কে ‘নাগরিক সংবর্ধনা’
যুক্তরাষ্ট্র আ.লীগের সম্মেলন হচ্ছে না
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উত্তর আমেরিকায় বসবাসরত আওয়ামী লীগের নেতা কর্মীরা কাটাচ্ছেন নির্ঘুম রাত। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা নিউইয়র্কের চমৎকার আবহাওয়ায় ফুরফুরে মেজাজেই আছেন।
তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি হচ্ছে না। গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর সম্মানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের দেওয়া নৈশভোজে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। সেখানে কমিটির কোনো প্রসঙ্গ আসেনি। ফলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবাদমান পক্ষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এবারেও কমিটি হচ্ছে না, কাঙ্ক্ষিত সম্মেলনও হচ্ছে না বলেই তাঁদের আশঙ্কা।
আওয়ামী লীগের কানাডা ও কুইবেক শাখার আজিজুর রহমান, সৈয়দ আবদুল গাফফার, জসিম চৌধুরী, সেলিম জুবেরী, মুনশি বশীর, নুরুজ্জামান, সাজ্জাদ হোসেন চৌধুরী ও মতিন মিয়া বুধবার সন্ধ্যায় দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছেন। জানা গেছে, কানাডা থেকে নিউইয়র্কে আসা এসব নেতা অনেকটা হতাশ হয়েই ফিরে গেছেন। যাওয়ার আগে প্রথম আলো উত্তর আমেরিকার প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সবাই মিলেমিশে কাজ করার জন্য নেত্রীর নির্দেশনা রয়েছে। কোনো নতুন কমিটি বা সম্মেলনের নির্দেশ পাওয়া যায়নি।
রাষ্ট্রদূত মোমেনের আমন্ত্রণে নৈশভোজে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের অংশগ্রহণ নিয়ে ক্ষুব্ধ দলের অন্য নেতারা। ভারপ্রাপ্ত সম্পাদক সামাদ আজাদকেও সেখানে নেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, সম্মেলন বা নতুন কমিটি নিয়ে কোনো কথা হয়নি।
জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার নিউইয়র্ক এসে পৌঁছান। আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা। পরদিন শনিবার সকাল ১১টায় নিউইয়র্কের বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন।
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে ‘নাগরিক সংবর্ধনা’ দেওয়া হবে। ম্যানহাটনের ম্যারিয়ট মার্কাস হোটেলের বলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী বেলা ২টার দিকে সংবর্ধনা সভায় যোগ দেবেন বলে জানিয়েছেন সিদ্দিকুর রহমান। সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট আবার চালুর বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে।
সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানা গেছে, একই দিনে তিন দফা কুশল বিনিময়ে দুই নেতা একে-অপরের খোঁজ-খবর নিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া মধ্যাহ্ন ভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে দেওয়া বক্তব্যে মহাসচিব নীল আর্মস্ট্রংকে উদ্ধৃত করে বলেন, ‘আমরা পৃথিবীর নাগরিকেরা যারা পৃথিবী ছেড়ে যাওয়ার কারণগুলোর সমাধান করতে পারি তারা এতে বসবাসের সমস্যাগুলোরও সমাধান করতে পারি।’ গুতেরেস বলেন, ‘নীল আর্মস্ট্রংয়ের এ উক্তি আমাদের জন্য অনুপ্রেরণার হোক, যাতে আমরা একসঙ্গে এমন একটি পৃথিবী তৈরি করতে পারি যেখানে সবাই শান্তি ও সমৃদ্ধিতে বাস করতে পারে।’
মধ্যাহ্নভোজে জাতিসংঘ মহাসচিবসহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বের ১৫ শীর্ষ নেতা। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য আসন ছিল নির্ধারিত। আসনের ওপরে সবার নাম লেখা ছিল। মধ্যাহ্নভোজে একই টেবিলে বসেন শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথাবার্তা হয়েছে।
আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে দলীয় প্রধানদের সংবর্ধনা সফল করার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কাজী কয়েস বলেন, দেশে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। দলে ঘাপটি মেরে থাকা ধান্দাবাজদের দেশে বা প্রবাসে-কোথাও স্থান হবে না। অপর নেতা হাজী এনাম বলেন, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ শুধু দলীয় কাজ পরিচালনা করা ছাড়াও অনেক দায়িত্ব পালন করতে হয়। আওয়ামী লীগের সামনে আগামই দু বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার পঞ্চাশ বছর নিয়ে কাজে নেমে পড়ার নির্দেশ আগেই এসেছে। আবদুর রহীম বাদশাহ জানালেন, সংগঠনকে গতিশীল করার জন্য নেত্রী আগেও বহুবার চমক দেখিয়েছেন। শেষ মুহূর্তের চমকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। সাত বছর আগের কমিটি দিয়ে চলছে। এর মধ্যে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে অব্যাহতই দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। গত কয়েক বছরের মতো এবারও ‘নো মোর সিদ্দিক’ স্লোগান উঠেছে। দলাদলি নিয়ে প্রতিদিনই কলহ, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। ১৫ সেপ্টেম্বর রবিবার নিজেদের সহিংসতায় একজন হাসপাতালে গেছেন। ছয়জনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন একাধিক।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা ক্ষোভের সঙ্গেই জানালেন, দেশের মতো প্রবাসেও রাজনীতি আর রাজনৈতিক নেতা কর্মীদের হাতে নেই। আমলা আর বিশেষ বাহিনীর লোকজনের তত্ত্বাবধানে এখন রাজনীতিবিদদের ফাইল ওপরে যায়।