প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানানো এবং সংবর্ধনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের সভায় যোগ দিতে সফরসঙ্গীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা।
এ লক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ঘরোয়া বৈঠক, টাউন হল সভা এবং গণসংযোগ শুরু করেছে। বিভিন্ন ধরনের কমিটি গঠন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবিসংবলিত পোস্টার-ফেস্টুন নিয়ে বিমানবন্দরে, শান্তি সমাবেশে এবং গণসংবর্ধনাস্থলে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে ব্রুকলিনে চলছে সভার পর সভা। নেতা–কর্মীরা নেত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই আবার দলের নানা কোন্দল সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
এই সফরে তথ্য সংগ্রহের জন্য সেল গঠন থেকে শুরু করেছে শেখ হাসিনার নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য নিরাপত্তা কমিটিও গঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিধানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের নিরাপত্তাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ নেতা–কর্মীরাও থাকবেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে বা গণসংবর্ধনার সামনে বিরোধীদের যেকোনো তৎপরতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ম্যানহাটনের ব্রডওয়ে ও ৪৫-৪৬ স্ট্রিটে শান্তি সমাবেশ করা হবে। এখানেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অবস্থান করবেন।
একই দিন একই জায়গায় যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠানের কর্মসূচিও ঘোষণা করা রয়েছে। এ নিয়ে মৃদু উত্তেজনা থাকলেও যুক্তরাষ্ট্রের বহুধা বিভক্ত বিএনপি তেমন কোনো শোডাউন করতে পারবে না বলে আওয়ামী লীগের নেতাদের ধারণা। গত কয়েক বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এলে জামায়াতে ইসলামীর সমর্থকেরা প্রতিবাদ সমাবেশ করে আসছে।
১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মার্কিউ মেরিয়েট হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষে তিন হাজার নেতা-কর্মীর ধারণ ক্ষমতাসম্পন্ন হল ভাড়া করা হয়েছে।
তবে সূত্রমতে, শেষ পর্যন্ত ব্যয়বহুল এই গণসংবর্ধনা হবে কি না, তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী সংবর্ধনার পরিবর্তে সম্ভাব্য ব্যয়ের অর্থ বাংলাদেশের বন্যাদুর্গত অঞ্চলের মানুষের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ কিংবা ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ২৮ বা ২৯ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
শেখ হাসিনার আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ব্যাপক গণসংযোগের কর্মসূচি নিয়েছে। এরই অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের ওজনপার্কে টাউন হল সভার আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, নেতৃত্বের রেষারেষির কারণে সভায় তর্ক-বিতর্ক থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
এদিকে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমনকে সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে প্রস্তুতিমূলক ‘টাউন হল মিটিং’ যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগ ১০ সেপ্টেম্বর বিকেলে সভা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে। এতে প্রধান অতিথি থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী জানান, প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১০ সেপ্টেম্বরের টাউন হল সভায় এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানা গেছে।
সূত্রমতে, প্রধানমন্ত্রীর সফরের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শেখ হাসিনার সঙ্গে সরাসরি দেখা করে সংগঠনের সমস্যা তুলে ধরতে চান। নেতা–কর্মীদের দাবি, সাত বছরের মেয়াদ উত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত হোক। বর্তমান কমিটির ৮–১০ জন নেতা ইতিমধ্যে মারা গেছেন। আবার অনেকেই নিষ্ক্রিয়। অন্যদিকে বহু নেতা-কর্মী পদবিহীন অবস্থায় রয়েছেন। ফলে সংগঠনে স্থবিরতা এবং নেতৃত্বের কোন্দল ও রেষারেষি বিদ্যমান।
অন্যদিকে শেখ হাসিনার আগমন উপলক্ষে বহুভাগে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো যেখানে হাসিনা, সেখানে প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে জেএফকে বিমানবন্দরে, জাতিসংঘের সামনে এবং শেখ হাসিনার অবস্থানস্থল গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে প্রতিবাদ বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। বিএনপির একাধিক নেতা–কর্মী জানিয়েছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি গ্রহণ করার লক্ষ্যে আগামী শুক্রবার কিংবা শনিবার বৈঠকে বসবেন।
৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান পার্টি এক মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, নিউইয়র্কের গণসংবর্ধনা থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এবং সংবর্ধনায় বিরোধী দল বিএনপিকে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শন না করে দেশের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানানোর আহ্বান তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এটা নিউইয়র্ক, লন্ডনে বিএনপি-জামায়াত গোষ্ঠী যা করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময়ে তার পুনরাবৃত্তি তারা নিউইয়র্কে করতে পারবে না। আর যদি করার চেষ্টা করে, তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে ভার্জিনিয়ায় আরেকটি সমাবেশ হবে। সেটিকে সফল করতে মেট্রো ওয়াশিংটন এলাকার প্রবাসীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আকতার হোসেন, মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম ও লুৎফুল করিম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত প্রমুখ।
এ ছাড়া আরও ছিলেন প্রচার সম্পাদক হাজি এনাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপদপ্তর সম্পাদক এম এ মালেক, কোষাধ্যক্ষ মনসুর খান, স্টেট আওয়ামী লীগের সাধারল সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, সম্পাদক নূরে আলম জিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সেক্রেটারি সুবল দেবনাথ, মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ শাহানা, আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ জলিল, মাসুদুল হাসান, প্রদীপ রঞ্জন কর ও হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান।
এদিকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা এ জানান, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের বাংলা মিডিয়াকর্মীদের সঙ্গে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মিলিত হবেন।