
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জার্মানির আনবাকে সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। ফ্লোরিডায় গত রোববার দিবাগত রাতে একটি নৈশক্লাবে এবং আনবাকে রোববার রাতে এক উন্মুক্ত সংগীত উৎসবে এই হামলা হয়। কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।
ফ্লোরিডায় সমকামীদের ক্লাবে হামলার ছয় সপ্তাহ পর এ অঙ্গরাজ্যে আবার এই হামলা হলো। অন্যদিকে আনবাকে হামলার মাত্র দুই দিন আগেই মিউনিখে হামলা হয়। ফ্লোরিডায় সমকামীদের ক্লাবে হামলায় নিহত হয়েছিলেন ৪৯ জন। আর মিউনিখে বিপণিবিতানে বন্দুকধারীর নির্বিচার গুলিতে প্রাণ হারান নয়জন।
ফ্লোরিডায় হামলা: পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্স কাউন্টির ‘ক্লাব ব্লু’ নৈশক্লাবে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন নিহত ও অপর ১৪ জন আহত হন। এ সময় ক্লাবটিতে তরুণ বয়সীদের একটি পার্টি চলছিল। সেখানকার গাড়ি রাখার স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে একজন ও জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে।
ফোর্ট মায়ার্সের পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের অবস্থা গুরুতর। হামলায় ১৪ থেকে ১৬ জন কম-বেশি আহত হয়েছেন। হামলায় ঘটনাস্থলের কাছের একটি বাড়ি ও কিছু গাড়িতে গুলি লাগে। এতে একজন আহত হন। ঘটনাটির তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হামলার পরপরই ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়। সন্দেহভাজন আরেকজনকে ধরতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনার আগে গত ১২ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের ক্লাবে বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। বন্দুকের সাহায্যে সাম্প্রতিকতম এসব হামলাসহ আরও কিছু ঘটনায় যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হলো।
আনবাকে হামলা: জার্মানির দক্ষিণের আনবাক শহরে একটি উন্মুক্ত সংগীত উৎসবে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছেন একজন সিরীয় অভিবাসী। হামলায় নিহত হয়েছেন তিনি। আহত হয়েছেন ১২ জন। এ নিয়ে গত এক সপ্তাহে এই অঞ্চলে তিনটি হামলার ঘটনা ঘটল।
কর্তৃপক্ষ গতকাল বলেছে, ২৭ বছর বয়সী এই সিরীয় একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে থেকেছেন। তাদের ধারণা, এ ঘটনায় জঙ্গিসংশ্লিষ্টতা থাকতে পারে।
পুলিশ বলছে, ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল সংগীত উৎসবে হামলা চালানো। কিন্তু তাঁর কাছে টিকিট না থাকায় মূল উৎসবস্থলে তাঁকে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তখন কাছের একটি ক্যাফের বাইরে আত্মঘাতী হামলা চালান তিনি। রোববার রাত ১০টার দিকে এ হামলার সময় উৎসবস্থলে কনসার্ট উপভোগ করতে আড়াই হাজারের বেশি লোক সমবেত হয়েছিলেন। পুলিশ আরও জানায়, হামলায় আহত ১২ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।