যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আবার বিশ্বে নেতৃত্ব দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আবার বিশ্বকে নেতৃত্ব দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন তিনি। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকের আগে রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে বৈঠকে থেরেসা মে ওই বার্তা দেবেন বলে জানা গেছে।
থেরেসা মে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এই নতুন যুগের জন্য’ যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক নবায়নের অঙ্গীকার করবেন বলে কথা রয়েছে। ফিলাডেলফিয়ায় ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে তাঁর দেখা করার কথা। ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পও যোগ দেবেন। ব্রিটিশ সূত্র বলেছে, মার্কিন নেতাদের উদ্দেশে থেরেসা বলবেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্য ‘সার্বভৌম ও বৈশ্বিক’ রূপ নিয়ে ‘পুরোনো মিত্র’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে নতুন মাত্রা দিতে চায়। ‘অশুভ শক্তিকে’ হারাতে এবং ‘বিশ্বকে উন্মুক্ত’ রাখতে দুই দেশ অতীতে হাত ধরাধরি করে কাজ করেছে। এখন তাদের সামনে আবার একসঙ্গে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে।
থেরেসা মে আজ শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন। বৈশ্বিক কোনো নেতার সঙ্গে নতুন মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে তাঁরা ব্রেক্সিট-পরবর্তী ব্যবসা-বাণিজ্যের সুযোগ, নিরাপত্তা, গোয়েন্দা সহযোগিতা এবং ন্যাটোর ভবিষ্যতের মতো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
ট্রাম্প অতীতে নারী, অভিবাসী এবং মুসলিমদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে সমালোচিত হয়েছেন। এ বিষয়ে ইঙ্গিত করেই থেরেসা মে বলেছেন, কোনো বিষয়ে মতভেদ হলে তা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে তিনি দ্বিধা করবেন না।
যুক্তরাজ্যের সঙ্গে ট্রাম্পের শক্তিশালী ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। ব্রিটিশ সরকার সেটা কাজে লাগাতে চায়। বে৶ক্সিটের প্রতি ট্রাম্প সমর্থন জানিয়ে এই পরিবর্তনকে ‘বুদ্ধিদীপ্ত কাজ’ আখ্যা দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর তাঁর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আগেই অবশ্য যুক্তরাজ্যের আরেক রাজনীতিক দেখা করেছেন। তিনি ডানপন্থী দল ইউকেআইপির নাইজেল ফারাজ।