যুক্তরাষ্ট্র-কিউবা পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠায় রাজি
যুক্তরাষ্ট্র ও কিউবা পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়েছে। গত বুধবার দেশ দুটি এ বিষয়ে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায়। এর ধারাবাহিকতায় ২০ জুলাই ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালু করবে কিউবা। যুক্তরাষ্ট্রও শিগগিরই হাভানায় দূতাবাস চালু করবে। খবর এএফপির।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো চিঠি বিনিময় করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মতির কথা জানান। ওবামা এই সমঝোতাকে ‘সামনে এগিয়ে যাওয়ার ঐতিহাসিক পদক্ষেপ’ উল্লেখ করে বলেন, এর মাধ্যমে কমিউনিস্ট শাসিত কিউবাকে একঘরে করার মার্কিন সেকেলে ও ব্যর্থ নীতির ইতি ঘটবে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া বক্তৃতায় ওবামা বলেন, ‘এই নীতি যে কাজে আসছে না, সেটা উপলব্ধি করতে আমাদের অনেক সময় কেটে গেল।’
ওবামাকে লেখা চিঠিতে রাউল উল্লেখ করেন, দুই দেশের মধ্যে শ্রদ্ধাপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক সৃষ্টি হবে বলে জনগণ ও সরকার আশা করছে।
ওয়াশিংটনে নতুন করে কিউবার দূতাবাস খুলতে ২০ জুলাই রাউল কাস্ত্রো তাঁর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজকে যুক্তরাষ্ট্রে পাঠাবেন। যুক্তরাষ্ট্র হাভানায় কবে দূতাবাস খুলবে, তা নির্দিষ্ট করে বলেননি ওবামা। তবে তিনি ঘোষণা করেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চলতি গ্রীষ্মের শেষের দিকে দূতাবাস খুলতে হাভানায় যাবেন।
১৯৬০-এর দশকের শুরুর দিকে দুই দেশের মধ্যে সম্পর্ক শীতল হতে থাকে। এরপর প্রায় পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্র ও কিউবার কূটনৈতিক যোগাযোগ বন্ধ ছিল। এ সময় ধরে ওয়াশিংটনে কিউবার এবং হাভানায় যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই। এ কারণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কও নষ্ট হয়।