যুক্তরাষ্ট্র গল্পের এক নতুন অধ্যায় শুরু: ম্যাকডানিয়েল
রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান ও মিশিগান রিপাবলিকান পার্টির সাবেক চেয়ারম্যান রনা ম্যাকডানিয়েল দলের জাতীয় কনভেনশনে বলেছেন, ‘আজ রাতে যুক্তরাষ্ট্র গল্পের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এটি এমন একটি গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মকে, বিশ্বকে অনুপ্রাণিত করবে। এই নির্বাচন আমাদের জীবদ্দশায় গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আপনার ভোট আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান।’
২৪ আগস্ট থেকে শুরু হওয়া রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় কনভেনশনের প্রথম দিনে দেওয়া বক্তব্যে রনা ম্যাকডানিয়েল এসব কথা বলেন।
ম্যাকডানিয়েল বলেন, ডেমোক্র্যাটরা তাঁদের নীতির রূপরেখা প্রচারের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ঘৃণা প্রকাশ ও সমালোচনায় বেশি মনোনিবেশ করছে।
রনা ম্যাকডানিয়েল মিশিগানের নর্থ ভিলের বাসিন্দা এবং তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপারিশে তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
এবার দলের জাতীয় কনভেনশনে ৮০ জন বক্তার মধ্যে অন্তত তিনজন মিশিগানের বলে ট্রাম্পের নির্বাচনী প্রচারপত্রের তালিকা থেকে জানা গেছে। মিশিগানের যে তিনজন সম্মেলনে বক্তব্য দেবেন তাঁদের মধ্যে ২৪ আগস্ট বক্তব্য দিয়েছেন রনা ম্যাকডানিয়েল, ২৬ আগস্ট বক্তব্য দেবেন জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড গ্রেনেল এবং ২৭ আগস্ট বক্তব্য দেবেন ইউএস হাউজিং ও নগর উন্নয়ন বিষয়ক সম্পাদক বেন কারসন।