যুক্তরাষ্ট্র জাসাস, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিউইয়র্ক নগরীতে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র জাসাস, যুবদল ও ছাত্রদলের সম্মিলিত উদ্যোগে ৫ আগস্ট অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেলাল খান।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান বলেন, ‘আপনারা আমেরিকায় আছেন; স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আমরা যারা বাংলাদেশে থাকি, তারা নির্ভয়ে মনের কথা বলব, ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তির দাবিতে স্লোগান দেব—সেটি কল্পনাও করা যায় না। খুবই খারাপ অবস্থায় আছি বাংলাদেশে। ফরমায়েশি রায়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। এ অবস্থায় খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের বিকল্প নেই।’
যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি সুরুজ্জামান। তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) কারাবাসের দেড় বছর অতিবাহিত হচ্ছে। অথচ ন্যূনতম একটি আন্দোলনও রচিত হয়নি। কেন হয়নি? এটি কী মহাসচিবের সাহসের অভাবে, নাকি কথিত ঐক্যফ্রন্টের আপসকামিতার কারণে? প্রবাস থেকে আমরা এ প্রশ্নের জবাব চাই।’
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ বলেন, ‘ঢাকা থেকে বিএনপির অনেক নেতা আসেন। তাঁরা কোনো ধরনের সভা আহ্বান করেন না। এমনকি ছয় বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই। এ ব্যাপারেও তাঁদের কোনো আগ্রহ নেই। এমনকি তাঁদের কেউ কেউ এই প্রবাসেও অনৈক্যকে উসকে দিয়ে গেছেন। এ ক্ষেত্রে আপনি হেলাল খান ব্যতিক্রম।’
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন বলেন, ‘বিচারের নামে প্রহসনের নাটক চালিয়ে ম্যাডামকে জেলে রাখা হয়েছে।’
স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রীকে কারাগারে আটক রেখে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে বাকশালি রাজত্ব কায়েম করতে চাইছেন। কিন্তু বিএনপির আদর্শে উজ্জীবিতরা তা কখনোই হতে দেবে না।’
সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, জাসাসের সহসভাপতি শেখ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আকতার, রাশেদা মুন, নিউইয়র্ক স্টেট জাসাসের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি এলিজা আকতার মুক্তা ও শামীম আহমেদ, ব্রুকলিন জাসাসের সভাপতি আব্দুল মোমেন সোহেল, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু প্রমুখ। সমাপনী বক্তব্যে সমাবেশের সভাপতি আবু তাহের অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি প্রদান এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।