যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়ে আত্মহত্যা
তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছিলেন মেক্সিকোর নাগরিক গুয়াদালুপে অলিভাস ভ্যালেন্সিয়া। শেষবার হলেন গত মঙ্গলবার, যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসী হটানোর নতুন পরিকল্পনা প্রকাশ করছিল।
শেষবার বিতাড়িত হয়ে হতাশ হয়ে পড়েছিলেন গুয়াদালুপে অলিভাস। যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে একটি সেতু থেকে ১০০ ফুট নিচে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করলেন তিনি। ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসী হটানোর পরিকল্পনার মধ্যে ঘটল হৃদয়বিদারক এই ঘটনা।
৪৪ বছর বয়সী গুয়াদালুপে মেক্সিকোর সিনালোয়া প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে বসবাস শুরু করেন। এর আগে তাঁকে দুবার মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তিনি আবার যুক্তরাষ্ট্রে ফেরত গেছেন। সেখানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তৃতীয়বারের মতো মেক্সিকোয় পাঠিয়ে দেওয়ার পর নিদারুণ মানসিক যন্ত্রণায় ছিলেন গুয়াদালুপে। বহিষ্কারের সময় তাঁর কাছে শুধু একটি প্লাস্টিকের ব্যাগ ছিল। সেখানে ছিল নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। পরে তিনি মার্কিন সীমান্তের অদূরে একটি সেতুতে উঠে নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ট্রাম্প কয়েক লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের দিন চরম আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মেক্সিকোর অভিবাসীরা আশঙ্কায় আছেন। নির্বাচনী প্রচারণার সময় মেক্সিকোর অভিবাসীদের অপরাধী হিসেবে অভিহিত করেছিলেন এবং সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়ে রেখেছেন। এদিকে মেক্সিকোর সঙ্গে তিক্ততা কমাতে এবং সম্পর্ক দৃঢ় করতে দেশটি সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের প্রধান জন কেলি। আজ বৃহস্পতিবার তাঁরা মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর সঙ্গে বৈঠক করবেন।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা হবে এবং এর ব্যয় মেক্সিকোকে বহন করতে হবে, ট্রাম্পের এমন ঘোষণার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এই সফরের উদ্দেশ্যে সম্পর্কে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা, দুই দেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সফরে যাবেন।