মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ। কিন্তু সারা বিশ্বে যা ঘটে, তার সবকিছু তাঁর দেশ নিয়ন্ত্রণ করে না।
গাজা ও ইউক্রেনে অব্যাহত সংকটের প্রেক্ষাপটে তাঁর সরকারের পররাষ্ট্রনীতির সমর্থন জানিয়ে ওবামা এসব কথা বলেন। খবর এপি ও টাইমস অব ইন্ডিয়ার।
গত শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওবামা আরও বলেন, যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হলেও এখনো পৃথিবীজুড়ে যা কিছু ঘটছে, তার সবকিছু নিয়ন্ত্রণ করে না। আপাতদৃষ্টিতে মনে হয়, লোকজন এই সত্যটি ভুলে গেছে।
যুক্তরাষ্ট্র সারা বিশ্বে প্রভাব বিস্তারের ক্ষমতা হারিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘আমরা সব সময় কূটনৈতিক প্রচেষ্টা নিই। এতে সময় লাগে। আমাদের কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি হয়, আবার মাঝে মাঝে কিছুটা পিছিয়ে যায়। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এ কথা সত্য। ইউরোপেও তাই হয়েছে। এশিয়ার জন্যও একই কথা প্রযোজ্য। এটিই বিশ্বরাজনীতির প্রকৃতি। এটি মসৃণ নয়।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘কিন্তু আপনারা যদি লক্ষ করেন, উদাহরণ হিসেবে ইউক্রেনের কথাই ধরা যাক। আমরা যা করব বলেছিলাম, তাতে উন্নতি করেছি। ভ্লাদিমির পুতিন কীভাবে চিন্তা করবেন, তা তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আমরা পুতিনের উদ্দেশে বলতে পারি, আপনি যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখেন এবং ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়টি গ্রাহ্য না করেন, তাহলে আপনাকে মূল্য দিতে হবে। আপনার দেশ আঘাত পাবে।’
ওবামা বলেন, ‘বিংশ শতাব্দী এবং এই শতাব্দীর শুরুর দিকের অনেক সংঘাতের সমাধান যুক্তরাষ্ট্র করেনি। এটি সব সময়ই সত্য। কিন্তু এর অর্থ এই নয়, আমরা চেষ্টা করিনি।’
ওবামা আরও বলেন, ‘রাশিয়ার ওপর অবরোধ আরোপের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা নিয়ে অনেক সন্দেহ-সংশয় ছিল। কিন্তু আমরা সব সময় যা বলেছি, তাই করেছি। এই সপ্তাহেও তার প্রমাণ রয়েছে।’
কিছু মানুষকে নির্যাতন করেছিলাম: হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওবামা স্বীকার করেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর গ্রেপ্তার করা আল-কায়েদার কিছু বন্দীর ওপর যুক্তরাষ্ট্র নির্যাতন চালিয়েছিল। তিনি বলেন, ‘আমরা কিছু লোককে নির্যাতন করেছিলাম। আমরা তখন এমন কিছু করেছিলাম, যা ছিল আমাদের মূল্যবোধবিরোধী।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আবার যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হতে পারে—জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা প্রকাশের কারণে এমন নির্যাতন চালানো হয় বলে তিনি মনে করেন।