যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও অতিথিরা
বিজয় দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও অতিথিরা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ব্রুকলিনের নিউকার্কের একটি মিলনায়তনে ২১ ডিসেম্বর রাতে এ উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাদীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ, যুক্তরাষ্ট্র কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল আমিন ভূঁইয়া, নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি এম এ মুহিত, কমিউনিটি অ্যাকটিভিস্ট ইমাম উদ্দিন, এম ও জি রাসেল ভূঁইয়া, ব্রুকলিন ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদুল হাসান, ব্রুকলিন যুবলীগ নেতা গোলাম সারোয়ার প্রমুখ।

সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন যুক্তরাষ্ট্র কৃষক লীগের সহসভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যারা ইতিহাস বিকৃত করছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত প্রতিহত করতে হবে।

সভাপতির বক্তব্যে রমেশ চন্দ্র নাথ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন-সার্বভৌম এক দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কাউন্সিলদের বিশেষ ধন্যবাদ জানান।