
আমেরিকা সফররত বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ হারুনুর রশীদ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশি-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় প্রবাসী নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন। সাবেক দুই সাংসদ বিষয়টি যথাস্থানে জানাবেন বলে ফোরামের নেতাদের আশ্বাস দেন।
নিউইয়র্ক নগরের উডসাইড এলাকার কুইন্স বুলেভার্ডস্থ একটি রেস্টুরেন্টে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শাখা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে দুই নেতাকে তাঁরা জানান। সভায় বিএনপির সাবেক দুই সাংসদ বলেন, ‘আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের জনগণ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী শেখ হাসিনার আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনবে।
আশির দশকের ছাত্রদল নেতৃবৃন্দের সংগঠন বাংলাদেশি-আমেরিকান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নিয়াজ আহমেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কেন্দ্রীয় জাসাস নেত্রী রিজিয়া পারভীন, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদ ও সাবেক সহসভাপতি ও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুল ইসলাম মজনু এবং বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সভায় ফোরামের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া ও যুক্তরাষ্ট্র শাখা বিএনপির অন্যতম শীর্ষ তিন নেতা ডা. মজিবুর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু ও গিয়াস আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফোরামের সাধারণ সম্পাদক আজাদ বাকিরের সঞ্চালনায় সভায় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, এমদাদুল হক কামাল, ছৈয়দুল হক, ড. জাহিদ দেওয়ান শামীম, ফারুক হোসেন মজুমদার, জহিরুল ইসলাম মোল্লা, ভিপি আলমগীর, রাসেদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
সভায় কেন্দ্রীয় নেতা হারুনুর রশীদ অভিযোগ করেন, বাংলাদেশ আজ সামগ্রিকভাবে চরম সংকটের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে আওয়ামী লীগ একক মুদ্রা চালু করতে চাচ্ছে। কিন্তু বিএনপি আর বাংলাদেশের জনগণ একদলীয় আওয়ামী শাসন মেনে নেবে না। আওয়ামী দু:শাসনের ফলে আমরা রাজপথে মিছিল-সমাবেশ করতে পারি না। জেলায় জেলায় বিএনপির কার্যালয় খুলতে দেওয়া হচ্ছে না।
রশীদ যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটির দাবি প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই খালেদা জিয়া মামলা-মোকদ্দমাসহ নানা সমস্যা নিয়ে প্রতিদিন চাপের মধ্যে থাকেন। তাঁর অন্য কিছু ভাবার সময় খুব কম। তবে ঢাকায় ফিরে বিএনপির কমিটির ব্যাপারে সংশ্লিষ্ট জায়গায় জানাব। যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটি হওয়া দরকার বলে তিনি জোরালো অভিমত ব্যক্ত করেন।
সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, ‘দলে আমরা হাইব্রিড নই। আমরা দলের নেতা নই কর্মী, আর রাজনীতিতে কর্মীর কখনো মৃত্যু হয় না।’ তিনি ফোরামের নেতাদের উদ্দেশ্যে বলেন, আশির দশকের ছাত্র রাজনীতির চেতনা, দেশপ্রেম আর জিয়ার আদর্শ নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের দুর্দিনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর গণতন্ত্র পুনরুদ্ধারে চোখে চশমা দিয়ে রাজনীতি করলে চলবে না। ভোটারবিহীন অনির্বাচিত সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে।
নিয়াজ আহমেদ বলেন, ‘আমরা কাউকে ট্যাক্স দিয়ে রাজনীতি করতে চাই না বা নেতা হতে চাই না। আমরা যুক্তরাষ্ট্র বিএনপির পূর্ণাঙ্গ কমিটি চাই, কমিটিতে দলের ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের স্থান চাই।’
সভায় যুক্তরাষ্ট্র শাখা যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরীসহ যুক্তরাষ্ট্র, ফোরাম ও কমিউনিটি নেতাদের মধ্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, নওশাদ হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিডিআর হত্যাকাণ্ডের ওপর প্রবীণ সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীনের লেখা একটি বই বিএনপির নেতা হারুনুর রশীদ ও সৈয়দা আসিফা আশরাফ পাপিয়াকে উপহার দেন লেখক।