যুক্তরাষ্ট্র বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র বিএনপির আয়োজনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও হস্তক্ষেপ কামনা করা হয়েছে। নিউইয়র্ক নগরীর জ্যামাইকায় ১ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শওকত আলী।
নিউজার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি নূরুল ইসলাম খসরু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, মো. ইলিয়াস খান, নিউজার্সি স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা হোসেন পাঠান ও সিনিয়র সহসভাপতি জামাল হোসেন, বিএনপি নেতা মীর মশিউর রহমান, শেখ হায়দার আলী, জাহিদুল ইসলাম, মীর মশিউর রহমান, রেদোয়ান আহমেদ, মো. মাঈনুদ্দিন, তানভীর হাসান খান, মনিয়া সুলতান, মুজিবুর রহমান স্বপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সভাপতির বক্তব্যে আকতার হোসেন বলেন, ‘পদ-পদবির তোয়াক্কা না করে আমরা বিএনপির এ চরম সংকটে মাঠে রয়েছি। চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জিয়া পরিবারের জন্য প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত রয়েছি। বাংলাদেশের চলমান সংকট সমাধানে জাতিসংঘ, আমেরিকাসহ আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। সরকারের একগুঁয়েমির কারণে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ছাড়া বর্তমান সংকট থেকে দেশকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।’