যুক্তরাষ্ট্র যেতে পারবে কিউবার আটকে পড়া হাজারো অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রার্থী কিউবার কয়েক হাজার নাগরিক কোস্টারিকায় এক মাসের বেশি সময় আটকে থাকার পর গন্তব্যে যাওয়ার সুযোগ পাচ্ছে। তাদের এ বিষয়ে অনুমতি দিতে চুক্তিতে পৌঁছেছে মধ্য আমেরিকার দেশগুলো। খবর বিবিসির।
চুক্তি অনুযায়ী, ওই অভিবাসীদের কোস্টারিকা থেকে বিমানে এলসালভাদরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাসে করে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে তাদের। যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছানোর পর আটকে পড়া অভিবাসীরা দেশটিতে প্রবেশ ও বসবাসের আবেদনের অনুমতি পাবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের আইনে কমিউনিস্ট কিউবা ছেড়ে আসা অভিবাসীদের জন্য অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়া হয়। দুই দেশের সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টার ধারাবাহিকতায় সে সুযোগ বন্ধ হয়ে যেতে পারে—এ আশঙ্কায় কিউবার ওই নাগরিকেরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চায়। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও কিউবা তাদের সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর বিষয়ে সম্মতির কথা ঘোষণা করার পর থেকে ওই অঞ্চল দিয়ে স্থলপথে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী কিউবার অভিবাসীদের সংখ্যা রাতারাতি বেড়ে যায়।