আলোচিত যুক্তরাষ্ট্র সফর শেষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির নিজের ভাষায় ‘অত্যন্ত সফল’ এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছাড়াও অন্তত ৫০ জন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশ্বের বৃহত্তম এ দুই গণতান্ত্রিক রাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক উভয়ের জন্য লাভজনক হবে বলেই সংশ্লিষ্টদের প্রত্যাশা।
মোদির সফরে যুক্তরাষ্ট্র ভারতে অন্তত তিনটি ‘স্মার্ট সিটি’ গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে সন্ত্রাসীদের ‘নিরাপদ আস্তানা’ গুঁড়িয়ে দিতে যৌথ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার উচ্চারিত হয়েছে। তবে ভারত বলেছে, তারা ইসলামিক স্টেটবিরোধী (আইএস) জোটে যোগ দেবে না। মতৈক্য হওয়া অন্য ক্ষেত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারমাণবিক সহযোগিতা চুক্তির পূর্ণ বাস্তবায়ন।
সফরের শেষ পর্যায়ে নরেন্দ্র মোদি গত মঙ্গলবার ওয়াশিংটনে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনদের ব্যবসায়িক সংগঠন ইউএসআইবিসি এক অনুষ্ঠানে যোগ দেন। এরপর উড়োজাহাজে উঠতে সোজা চলে যান এন্ড্রু এয়ারফোর্স ঘাঁটিতে। গতকাল বুধবারই তাঁর জার্মানি হয়ে নয়াদিল্লি ফেরার কথা।
ইউএসআইবিসির অনুষ্ঠানে মোদি বলেন, তিনি দেশে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবই করবেন। শেষে বলেন, ‘আমার এই সফর অত্যন্ত সফল হয়েছে। এখান থেকেই সরাসরি বিমানবন্দরে চলে যাচ্ছি।...থ্যাংক ইউ আমেরিকা।’
এর আগে মঙ্গলবার মোদি হোয়াইট হাউসের ওভাল অফিসে বারাক ওবামার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। ৯০ মিনিটের ওই বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে সম্পর্ককে ‘নতুন উচ্চতা’য় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ছিল। মোদি এ সময় বলেন, ওবামার সঙ্গে আলাপের পর তাঁর দৃঢ় ধারণা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ভারত একে অপরের ‘সহজাত অংশীদার’। প্রেসিডেন্ট ওবামা বলেন, মোদি এখন পর্যন্ত যে ‘কর্মস্পৃহা ও দৃঢ় সংকল্প’ দেখিয়েছেন তাতে তিনি অভিভূত।
তিনটি ‘স্মার্ট সিটি’: ভারত সব মিলিয়ে ১০০টি আধুনিক ‘স্মার্ট সিটি’ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এ ধরনের তিনটি শহর গড়ে তুলতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। শহর তিনটি হচ্ছে এলাহাবাদ, আজমির ও বিশাখাপত্তনম।
সন্ত্রাসবাদবিরোধিতায় মতৈক্য: যৌথ বিবৃতিতে বলা হয়েছে, লস্কর-ই-তৈয়বা, জয়শ-ই-মোহাম্মদ, আল-কায়েদা, হাক্কানি নেটওয়ার্ক এবং ভারতের ‘কুখ্যাত ডন’ দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানিসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অর্থের উৎস ও কৌশলগত সমর্থনকে লক্ষ্যবস্তু করতে এখন থেকে যুক্তরাষ্ট্র ও ভারত একযোগে কাজ করবে। তবে মোদি-ওবামা বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী সামরিক অভিযানে যোগ দিচ্ছে না।
পারমাণবিক চুক্তি বাস্তবায়ন: যুক্তরাষ্ট্র ও ভারতের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে ‘যোগাযোগ দল’ গঠন করা হবে। চুক্তিটির পূর্ণ বাস্তবায়ন হলে ভারতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত পারমাণবিক চুল্লি স্থাপনের পথ সুগম হবে।
গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর শুরু করেন। ওয়াশিংটন তাঁকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে। অথচ গুজরাট দাঙ্গায় কথিত ভূমিকার প্রেক্ষাপটে মোদিকে এত দিন ভিসা পর্যন্ত দেয়নি যুক্তরাষ্ট্র।