যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার কম্পিউটারে হানা দিয়েছিল
সনি পিকচার্সে উত্তর কোরিয়ার হ্যাকিং সম্পর্কে যুক্তরাষ্ট্র নিশ্চিত, কারণ তারা নিজেরাই দেশটির কম্পিউটার নেটওয়ার্কে হানা দিয়ে গোপন সফটওয়্যার পেতে রেখেছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস ও জার্মানির ডের স্পিগেল পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে। খবর বিবিসির।
কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ফাঁস হওয়া দলিলপত্র উদ্ধৃত করে পত্রিকা দুটি এ খবর দিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ২০১০ সালে নিভৃতচারী কমিউনিস্ট দেশটির কম্পিউটারে অনুপ্রবেশ করে।
নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, উত্তর কোরিয়ার কম্পিউটার ব্যবস্থায় পেতে রাখা গোপন সফটওয়্যারের মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির সাম্প্রতিক হ্যাকিংয়ের কথা জানতে পারে।
উত্তর কোরিয়া বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে।
দুই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দাদের ধারণা, উত্তর কোরীয় হ্যাকাররা কাজটি করার আগে দুই মাস ধরে সনির কম্পিউটার ব্যবস্থার নকশা তৈরি করে।
নভেম্বর মাসে সনির ওপর ওই হ্যাকিংয়ের ফলে প্রতিষ্ঠানটির বেতনবিষয়ক তথ্য এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যকার গোপনীয় ই-মেইল যোগাযোগসহ স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যায়। এর জেরে সনির ব্যঙ্গ চলচ্চিত্র দি ইন্টারভিউ-এর মুক্তি আটকে যায়। পরে তা অনলাইনে মুক্তি দেওয়া হয়। উত্তর কোরীয় শীর্ষ নেতা কিম জং উনকে নিয়ে ব্যঙ্গ করার প্রতিশোধ হিসেবেই ওই হ্যাকিং আক্রমণ হয় বলে দাবি করা হয়েছে। তবে উত্তর কোরিয়া সরকার এর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ‘সংগতিপূর্ণ’ জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালকের দপ্তর বলেছে, মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার নেটওয়ার্কে উত্তর কোরিয়ার অনুপ্রবেশের চেষ্টার কথা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলের ভালো করেই জানা।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভেন মারডক বিবিসিকে বলেন, ‘এ সম্ভাবনা আছে যে যুক্তরাষ্ট্রের এনএসএ অতীতে উত্তর কোরিয়ার নেটওয়ার্কে ঢোকার অন্তত চেষ্টা করেছিল। আমি প্রায় নিশ্চিত যে তারা ২০১০ সালের অনেক আগে থেকেই এটা করে আসছে।’