যুক্তরাষ্ট্রকেই এখনো পছন্দ বিশ্বের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র, দেশটির অর্থনীতি ও সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের বিষয়ে এখনো ইতিবাচক মানসিকতা পোষণ করে বিশ্বের বেশির ভাগ মানুষ। ৪০টি দেশে চালানো এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। জরিপটি চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। খবর বিবিসির।
জরিপে অংশগ্রহণকারীরা সার্বিকভাবে যুক্তরাষ্ট্রকে ইতিবাচকভাবে দেখেছেন। ৬৯ শতাংশই বলেছেন, তাঁরা দেশটির প্রতি অনুকূল মানসিকতা পোষণ করেন। ২০১৩ ও ২০১৪ সালের তুলনায় এটা ৪ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্র বনাম চীন: সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মন্দার কারণে আশঙ্কা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে চীনের কাছে অবস্থান হারাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রই যে এখনো শীর্ষে রয়েছে, বাস্তবে এমন চিন্তা পোষণকারী মানুষের সংখ্যা বেড়েছে। ৪০টি দেশের মধ্যে ৩০ দেশের বেশির ভাগ অংশগ্রহণকারী এমন মত দিয়েছেন।
আইএসবিরোধী লড়াই: অংশগ্রহণকারীদের মধ্যে ৬২ শতাংশই বলেছেন, তাঁরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক পদক্ষেপকে সমর্থন করেন।
প্রেসিডেন্ট ওবামা: ইসরায়েল বাদে বাকি ৩৯টি দেশেই ওবামার প্রতি সমর্থন বেশি রয়েছে। গত বছর তাঁর প্রতি ৭১ শতাংশ ইসরায়েলির সমর্থন ছিল। এবার তা ৪৯ শতাংশে নেমেছে।