যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন হত্যার বিচারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্ক থেকে সিয়াটল পর্যন্ত এই বিক্ষোভের অধিকাংশই শান্তিপূর্ণ। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন। নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন।
বিক্ষোভের কেন্দ্রস্থল মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরতলি। সেখানেও বিক্ষোভ চলছে।
সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে শহরতলি ও এর আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। গতকাল রাতে ফার্গুসনে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়।
অঙ্গরাজ্যটির গভর্নর জে নিক্সন বলেন, সহিংসতা বন্ধে গতকাল মঙ্গলবার ফার্গুসনের কাছে ন্যাশনাল গার্ডের দুই হাজার দুই শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েক শ সদস্য থাকবেন ফার্গুসনে।
ফার্গুসন ছাড়াও বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। নিউইয়র্কে বিক্ষোভকারীরা অল্প সময়ের জন্য ব্রুকলিন সেতু বন্ধ করে দেন। অন্যান্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
আটলান্টা, বোস্টন, লস অ্যাঞ্জেলেসসহ আরও অনেক শহরে বিক্ষোভ হচ্ছে।
মিনেসোটার মিনেপোলিসে বিক্ষোভ হয়েছে। সেখানে সড়ক অবরোধকারী বিক্ষোভকারীদের ওপর একটি গাড়ি উঠে যায়। এতে একজন আহত হয়েছেন।
ব্রাউনকে গুলি করে হত্যাকারী পুলিশের শ্বেতাঙ্গ সদস্য ড্যারেন উইলসনকে অভিযুক্ত না করার সিদ্ধান্তে স্থানীয় সময় গত সোমবার রাতে ফার্গুসনে ব্যাপক সহিংসতা শুরু হয়।
ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ধরনের কাজ যাঁরা করেছেন, তাঁরা অপরাধী বলে মন্তব্য করেছেন তিনি। তাঁদের বিচারের আওতায় আনারও ঘোষণা দিয়েছেন ওবামা।
ব্রাউনকে গুলি করা পুলিশ সদস্য উইলসন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি, আমি সঠিক কাজ করেছি।’
৯ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন ব্রাউন। নিরস্ত্র ব্রাউনকে অহেতুক গুলি করে হত্যার অভিযোগে তখনই প্রতিবাদ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে।
এ হত্যাকাণ্ডে পুলিশের সদস্য উইলসনকে অভিযুক্ত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছিল স্থানীয় সেন্ট লুইস কাউন্টির গ্র্যান্ড জুরির ওপর। গ্র্যান্ড জুরি তাঁদের সিদ্ধান্তে জানান, উইলসন আত্মরক্ষার্থে গুলি করেছেন। তাই তাঁকে অভিযুক্ত করা হয়নি। এই সিদ্ধান্ত আসার পর নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।