যুক্তরাষ্ট্রপ্রবাসীদের শিগগির জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রপ্রবাসীদের শিগগির কনস্যুলেট অফিস ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বাংলাদেশে করোনার সংক্রমণ প্রতিরোধের জন্য টিকার অপ্রতুলতার কথা উল্লেখ করে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

১৬ জুন নিউইয়র্কের কুইন্সে প্রবাসীদের আয়োজিত এক মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেছেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। বাংলাদেশ ক্লাব ইউএসএর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পপতি জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় আছে। উন্নয়নের এমন ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাকে দুই বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে করোনার অনেক টিকা মজুত আছে। অনেক টিকার মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। এসব টিকা বিশেষ করে জনসনের এক ডোজের টিকা বাংলাদেশ পেলে খুবই উপকার হবে। তিনি স্থানীয় আইনপ্রণেতাদের মাধ্যমে মার্কিন সরকারের ওপর এ নিয়ে প্রবাসীদের চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিয়ে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশের হাতে তুলে দিতে প্রবাসীরা যেন মার্কিন সরকারকে চাপ দেয় সে আহ্বানও জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সমস্যাকে এখন একটি অগ্রাধিকারের সমস্যা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের মানবাধিকার গ্রুপগুলো খোঁজ খবর নিচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে মূল সমস্যা হচ্ছে তাদের স্বদেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন। এ কাজে মিয়ানমার সরকারকে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যে চাপ দেওয়া দরকার, তা দেওয়া হচ্ছে না। এ নিয়ে প্রবাসীদের সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্যেই যুক্তরাজ্যপ্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান শুরু হয়েছে। মালয়েশিয়া, সৌদি আরবের প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির যুক্তরাষ্ট্রপ্রবাসীদেরও এমন প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ইফজাল চৌধুরী, বাবরুল হোসেন, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সৌদ চৌধুরী, আনোয়ার কবীর।

উপস্থিত ছিলেন—কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, আবু বকর হানিপ, সিবলি সাদিক, নুরুল আমীন, রানা ফেরদৌস, শহীদুল ইসলাম, রহমান মাহবুব, তোফাজ্জল লিটন, শ্রাবণী সিং, বদরুল খান, জেড এ জয়, ফকু চৌধুরী, শেখ আখতারুল ইসলাম, আবদুর রহিম বাদশাহ, শেখ আতিক, রব্বানী চৌধুরী, মোইনুল হক চৌধুরী, প্রদীপ কর, হায়দার আকবর কিরণ, নীহার সিদ্দিকী, আবদুল হাসিব, মিনহাজ আহমেদ, শাহ নেওয়াজ, আহসান হাবীব, এ এফ জামান, এস এম নাজমুল, এ বি এম সালাউদ্দিন প্রমুখ।