যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল ‘৫২’-এর উদ্বোধন
যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল ৫২-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। নিউজার্সির প্যাটারসনে ২৪ অক্টোবর সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেলটি যাত্রা করে। উদ্বোধন করেন নিউজার্সি স্টেট ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান জন কেরি ও প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েঘ। তাঁরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চ্যানেল ৫২-এর স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্টেট সিনেটর নেলি পো, অ্যাসেম্বলিম্যান বেনজি উইম্বারলি, ফ্রি হোল্ডার জন বার্টলেট, প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েঘ, প্রোসপেক্ট পার্ক সিটি মেয়র মোহম্মদ টি খায়রুল্লাহ, কাউন্সিলওম্যান অ্যাট লার্জ লিসা মিমস, কাউন্সিলম্যান রবার্ট আট্রিস, কাউন্সিলম্যান লুইস ভেলেজ, কাউন্সিলওম্যান রুবি কটন, কাউন্সিলম্যান আনন্দ শাহ, কাউন্সিলম্যান গিলমান চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামানসহ সিটি কাউন্সিলের অন্য কর্মকর্তারা।
প্রধান অতিথি জন কেরি বলেন, ‘ক্রমবর্ধমান বাংলাদেশি অভিবাসীরা বিভিন্ন পেশা ও ব্যবসা বেছে নিলেও টিভি চ্যানেল প্রতিষ্ঠার মতো সাহস তারা করেনি। চ্যানেল ৫২-কে ধন্যবাদ, তারা সাহসিকতার সঙ্গে এ পথটি তৈরি করেছেন বলে। চ্যানেল ৫২ একদিন সবাইকে ছাড়িয়ে যাবে এবং এ জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত থাকবে।’
প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েঘ বলেন, ‘করোনা মহামারির সময়ে চ্যানেল ৫২ ও তাদের পুরো দল দিন-রাত সংবাদ, বিনোদনমূলক অনুষ্ঠান, মানসিক স্বাস্থ্য, সাধারণ স্বাস্থ্যসহ নানা অনুষ্ঠান প্রচার করেছে, যা দর্শকদের উৎকণ্ঠা দূর করতে সহায়ক হয়েছে। চ্যানেল ৫২ ছয় বছর আগে যাত্রা করলেও আজ তারা আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এটি তাদের নিষ্ঠার প্রমাণ। আমি চ্যানেল ৫২-এর সাফল্য কামনা করছি এবং সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’
অনুষ্ঠানে নগর কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কমিশনার ইমানুয়েল কেপারস, কবির আহমেদ, মোসলেহউদ্দিন, আমকার হক, নিয়াজ নাদিম, ইমরান ও ফরিদউদ্দিন। বাংলাদেশের সংগীত শিল্পী বেবী নাজনীন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। পরে তাঁকে প্যাটারসন সিটির পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এনওয়াই ইনস্যুরেন্স এজেন্সিজের মালিক মোহাম্মদ শাহ নওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ, শাখাওয়াত হোসেন আজম, মাকসুদ এইচ চৌধুরী, কুইন্স প্যালেসের স্বত্বাধিকারী সৈয়দ মুস্তাকীম, তারেক হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুর রশিদ, আহসান হাবীব, ফাহাদ সোলাইমান প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম ফাউন্ডেশন নিউজার্সির পক্ষে জন কেরিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কামরুজ্জামান রকি ও আবদুল করিম। বাক কানেকটিকাটের পক্ষ থেকে হুমায়ুন আহমেদ ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কানেকটিকাটের প্রেসিডেন্ট হেলাল আহমেদ চৌধুরী ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
চ্যানেল ৫২-এর জমকালো আয়োজনটি যাদের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের গুণি শিল্পী রিজিয়া পারভীন, রানো নওয়াজ, কামরুজ্জামান বকুল, ওয়াহিদ আজাদ, নাসরিন আজাদ, আলিয়া ফেরদৌসি প্রমুখ। এ ছাড়া বাংলাদেশ ও উত্তর আমেরিকার অনেক শিল্পী ও কলা-কুশলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল ৫২-এর পরিচালক হুসাইন পাঠান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেলটির পরিচালক ড্যানিয়েল হক। এ ছাড়া চ্যানেল ৫২ পরিবারের ফারুক সিদ্দীকী, রিতা নাসরিন, হাছিনা হ্যাপি, তাসকিনা চৌধুরী, ইবাদুর চৌধুরী, মিতুল, সোমা, শোয়েব, শাম্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্যাসাইক কাউন্টি ও প্যাটারসন সিটির পক্ষ থেকে চ্যানেল ৫২-এর স্বত্বাধিকারী এনাম চৌধুরীর হাতে প্রোক্লেমেশন তুলে দেন ফ্রিহোল্ডার জন বার্টলেট ও মেয়র আন্দ্রে সায়েঘ। অনুষ্ঠানটি ক্যামেরায় ধারণ করেন চিত্রগ্রাহক তুফান তালুকদার ও নান্টু।