যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলিতে নিহত দুই সাংবাদিক

যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার সাবেক সহকর্মীর অতর্কিত গুলিতে নিহত হয়েছেন দুই টেলিভিশন সাংবাদিক। ঘটনার সময় তাঁরা ভার্জিনিয়ার একটি এলাকা থেকে একটি সরাসরি সাক্ষাৎকার নিচ্ছিলেন। পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে পলায়নপর ঘাতকও পরে আত্মহত্যা করেন। তিনি একই টিভি চ্যানেলের সাবেক এক অসন্তুষ্ট কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর বিবিসি ও সিবিএস নিউজের।
খুন হওয়া দুই সাংবাদিক হলেন প্রতিবেদক অ্যালিসন পার্কার (২৪) ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড (২৭)। তাঁরা ডব্লিউডিবিজে-৭ নামের একটি টেলিভিশনে কাজ করতেন। চ্যানেলটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিবিএসের সহযোগী প্রতিষ্ঠান।
টেলিভিশন চ্যানেলটি জানায়, ঘটনার সময় পার্কার ও ওয়ার্ড ভার্জিনিয়ার বেডফোর্ড কাউন্টির মোনেটাতে একজনের সাক্ষাৎকার নিচ্ছিলেন। মোনেটার ব্রিজওয়াটার প্লাজা নামের একটি বিপণিবিতানের সামনে গতকাল স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে ওই সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল।
পুলিশ গাড়ি নিয়ে তাড়া করে ঘিরে ফেলার পর ভেস্টার লী ফ্ল্যানাগার নামে ঘাতক গুলিতে আত্মহত্যা করেন। পেশাগত ক্ষেত্রে ব্রাইস উইলিয়ামস নামে পরিচিত ওই ব্যক্তি এক সময় ডব্লিউডিবিজে-৭ চ্যানেলেই কাজ করতেন।
সাক্ষাৎকারটি টিভিতে সরাসরি সম্প্রচারকালেই ঘটনাস্থলে গুলির শব্দ পাওয়া যায়। এ সময় প্রতিবেদক পার্কার ও সাক্ষাৎকারদাতা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। টেলিভিশন চ্যানেলটির মহাব্যবস্থাপক জেফ্রি মার্কস জানান, গুলির ঘটনার কিছুক্ষণ পরই দুই সাংবাদিক মারা যান। তিনি বলেন, ‘আমরা প্রথমে চিৎকারের শব্দ পাই। এরপর আর কিছুই শুনতে পাইনি।’
এর আগের খবরে টেলিভিশন চ্যানেলটির ওয়েবসাইটে বলা হয়, দুই সাংবাদিক যখন এক ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছিলেন, তখন হত্যাকারী অতর্কিতে এসে গুলি করে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় কাউন্টির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
পুলিশ বলেছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর স্থানীয় বেডফোর্ড কাউন্টির পাশাপাশি পাশের ফ্রাঙ্কলিন কাউন্টির স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।