যুক্তরাষ্ট্রে অবস্থা বদলের জন্য চাই সাহসী নেতৃত্ব

১৩ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি শহরে বন্দুকধারীদের গুলিতে মোট ২৯ জন নিহত হলো। শনিবার সকালে টেক্সাসে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হন। তার ১৩ ঘণ্টা পর ওহাইওর ডেটনে গোলাগুলিতে বন্দুকধারীসহ ৯ জন নিহত হন।
প্রথম ঘটনাটি ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ৭ জন মেক্সিকান নিহত হন। এই হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টা আগে ইন্টারনেটে প্রকাশিত এক রাজনৈতিক ইশতেহারে টেক্সাসে হিস্পানিকদের ‘নির্বিচারে আগমনের’ সমালোচনা করে সব বহিরাগত সংস্কৃতি প্রত্যাখ্যান করা হয়। ওই ইশতেহার এই বন্দুকধারীর লেখা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওহাইওতে শ্বেতকায় যুবকের গুলিতে তাঁর বোনসহ মোট ৯ জন নিহত হন। এই হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে দুটি ঘটনাতেই সামরিক ক্ষেত্রে ব্যবহৃত অতিক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।
বেসরকারি হিসাব অনুযায়ী, এই দুই ঘটনাসহ চলতি বছরে নির্বিচার গুলিবর্ষণে ৪ বা তার চেয়ে অধিক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটল ১৮ বার। এই হিসাব অনুসারে, প্রতি ১২ দিনে এই রকমের একটি ঘটনা ঘটেছে।
অনেকে মনে করছেন, টেক্সাসের ঘটনাটির পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী বাগাড়ম্বর একটি ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রচারের শুরু থেকেই ট্রাম্প মেক্সিকান বহিরাগতদের কঠোর ভাষায় সমালোচনা করছেন। তাঁদের মাদক পাচারকারী, খুনি ও ধর্ষক হিসেবে বর্ণনা করছেন। যে আড়াই হাজার শব্দের ইশতেহার বন্দুকধারী যুবকটির লেখা বলে ধারণা করা হচ্ছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি রয়েছে।
ট্রাম্পের নির্বাচনী প্রচারের ফলে যুক্তরাষ্ট্রে শ্বেত শ্রেষ্ঠত্ববাদ-ভিত্তিক সহিংস ঘটনা যে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। গত মাসে কংগ্রেসের সামনে এক শুনানিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান ক্রিস্টফার রে বলেছেন, ‘শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের হাতে অভ্যন্তরীণ সন্ত্রাসের ঘটনা বৃদ্ধি পেয়েছে।’
হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতৃত্ব থেকে এই গুলিবর্ষণের ঘটনার জন্য ট্রাম্প কোনোভাবে দায়ী নয় বলে দাবি করা হয়েছে। তবে বিরোধী ডেমোক্র্যাটরা ট্রাম্পের বর্ণবিদ্বেষী ও অভিবাসনবিরোধী অবস্থানকে দায়ী করছেন।
টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বেটো ও’রুরক কোনো রাখঢাক ছাড়াই বলেছেন, ‘এই ঘটনার জন্য ট্রাম্প কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারেন না।’
সিনেটর কোরি বুকার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেশের মানুষকে একে অপরের বিরুদ্ধে এনে দাঁড় করিয়েছেন।’
পিট বুটিজিয়েজ আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ট্রাম্প শ্বেত শ্রেষ্ঠত্ববাদ শুধু অনুমোদনই করেন না, তাকে উৎসাহও দেন।’
ট্রাম্প এসব ঘটনার জন্য কতটা দায়ী, তা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও তাঁর ব্যবহৃত উত্তেজক ভাষা যে দলীয় সমর্থকদের ব্যবহারের ওপর প্রভাব ফেলতে পারে, তা নিয়ে মতভিন্নতা কম।
এমনকি ট্রাম্পের অস্থায়ী চিফ অব স্টাফ মাইক মুলভানি বলেছেন, প্রেসিডেন্ট বলেন এক কথা, অন্যরা যে যার মতো সে কথার ব্যাখ্যা করে নেয়। এল পাসোর যুবকের কথা উল্লেখ করে মুলভানি বলেন, ‘এখন যদি হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট থাকতেন, তাহলেও হয়তো সে এমন কাণ্ড ঘটাত।’
সিনেটর বার্নি স্যান্ডার্স সে যুক্তি প্রত্যাখ্যান করে সিএনএনকে বলেছেন, ‘ট্রাম্পকে বুঝতে হবে তিনি যখন এমন তীব্র অভিবাসীবিরোধী ভাষায় কথা বলেন, মানসিকভাবে অসুস্থ লোকের ওপর তার প্রভাব পড়া স্বাভাবিক। ট্রাম্পের কথা থেকে উৎসাহ পেয়ে তারা ভয়ানক অপরাধে লিপ্ত হতে পারে।’
সিনেটর কমলা হ্যারিসও বলেছেন, ‘প্রেসিডেন্ট যে কথা বলেন, তার অবশ্যই একটা প্রতিক্রিয়া রয়েছে।’
আগ্নেয়াস্ত্র থেকে নির্বিচার হত্যাকাণ্ড বারবার ঘটা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড বন্ধের একটা উপায় হলো মানুষের হাতে আরও অস্ত্র তুলে দেওয়া। তিনি স্কুলে এসব হামলা কমাতে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রস্তাব করেছেন। টেক্সাসের ঘটনাটিকে তিনি মূলত মানসিক রোগপ্রসূত বলে ব্যাখ্যা করেছেন।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ মনে করে, সীমিত আকারে হলেও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা উচিত। অধিকাংশ মানুষ অস্ত্র বিক্রির আগে ‘ব্যাকগ্রাউন্ড চেক’ ও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সামরিক অস্ত্র নিষিদ্ধের পক্ষে। তবে কংগ্রেসের অকার্যকারিতার ফলে এই প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি।
মার্কিন রাজনীতিতে গান লবি এতটা প্রভাবশালী যে, এনআরএ (ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন) ক্ষিপ্ত হবে, এমন কোনো পদক্ষেপ নিতে উভয় দলের সদস্যদের মধ্যেই অনীহা কাজ করে। এনআরএর প্রচারের কারণেই মার্কিন শাসনতন্ত্রের দ্বিতীয় সংশোধনীতে অস্ত্র বহনের যে অধিকার দেওয়া হয়েছে, তাকে ‘পবিত্র’ বলে ধরে নেওয়া হয়। এ সংশোধনীর ভুল ব্যাখ্যা সত্ত্বেও উভয় দলের কোনো নেতাই এই অধিকারের বিরোধিতা করার সাহস অর্জন করেননি।
‘ওয়াশিংটন পোস্ট’-এর সম্পাদকীয় পরিষদ গতকাল রোববার এক প্রতিবেদনে বলেছে, আগ্নেয়াস্ত্র নিয়ে চলতি স্থবিরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এই অবস্থা বদলাতে হলে প্রয়োজন নতুন রাজনৈতিক নেতৃত্বের, দরকার এমন একজন প্রেসিডেন্টের যে অস্ত্র-লবির প্রভাব কাটিয়ে ওঠার সাহস রাখে। আমেরিকা এখন তেমন একজন প্রেসিডেন্টের অপেক্ষায় রয়েছে।