যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রতি 'শূন্য সহিষ্ণুতা'র নীতি আপাতত শিথিল

যুক্তরাষ্ট্রে সীমান্তরক্ষীরা সে দেশে ছেলেমেয়েসহ অবৈধভাবে আগত অভিবাসীদের ফৌজদারিতে সোপর্দ করা আপাতত বন্ধ করেছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কমিশনার কেভিন ম্যাকঅ্যালিনানের বরাতে বিবিসি এ খবর দিয়েছে।
ম্যাকঅ্যালিনান টেক্সাসে রিপোর্টারদের বলেন, মামলার অনুরোধ গত সপ্তাহে স্থগিত করা হয়েছে।
ম্যাকঅ্যালিনান বলেন, গত সপ্তাহে অভিবাসী পরিবার-বিচ্ছিন্নকরণ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ অনুসরণ করেই এটা করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত পরিবারগুলোকে একত্রে আটক রাখার সংকেত দিয়েছিলেন।
ম্যাকঅ্যালিনান বলেন, ট্রাম্প প্রশাসনের ‘শূন্য সহিষ্ণুতা’র নীতি এখনো বলবৎ রয়েছে, যদিও এজেন্টদের প্রতি কমিশনারের নির্দেশনা নীতিটিকেই অচল করেছে।
সিবিপি-প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যদি ছেলেমেয়েদের থেকে তাদের মা-বাবাকে বিচ্ছিন্ন না করেন, তাহলে মা-বাবাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। আইন অনুসারে নাবালকদের প্রাপ্তবয়স্কদের ডিটেনশন সেন্টারে রাখা যায় না।
ম্যাকঅ্যালিনান বলেন, তাঁর সংস্থা ও ডিপার্টমেন্ট অব জাস্টিসকে এখন কীভাবে ছেলেমেয়েদের থেকে বিচ্ছিন্ন না করে মা-বাবাদের বিচার করা যায়, সেই পথ বের করতে হবে।
সীমান্ত কর্মকর্তার এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এবার সমস্যাটির প্রতি ওবামা প্রশাসনের অনুসৃত নীতিতে ফিরে যেতে পারবেন। এর অর্থ, যুক্তরাষ্ট্রের বর্ডার এজেন্টরা ছেলেমেয়েসহ মা-বাবাদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশর সময় আটক করলে তাঁদের হাতে একটা আদালতের পরোয়ানা ধরিয়ে দিয়ে তাঁদের নিজেদের পথে যেতে দেবেন।