যুক্তরাষ্ট্রে অভিবাসন বিতর্কের ফল শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন প্রশ্নে একটানা চার দিন বিতর্কের পর ফল দাঁড়িয়েছে শূন্য। গত বৃহস্পতিবার চারটি ভিন্ন ভিন্ন প্রস্তাবের ওপর সিনেটে ভোট গ্রহণ করা হয়। এর কোনোটাই প্রয়োজনীয় ন্যূনতম ৬০ ভোট অর্জনে সক্ষম হয়নি। এর মধ্যে সবচেয়ে কম ভোট পায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার দফা শর্তসংবলিত প্রস্তাব। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে মাত্র ৩৯টি।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘ডাকা’ কর্মসূচির অধীনে প্রায় আট লাখ তরুণ-তরুণীর বৈধতার প্রশ্ন। শিশু অবস্থায় পিতা-মাতার সঙ্গে আসা এসব তরুণ-তরুণীকে ২০১০ সালে প্রেসিডেন্ট ওবামা এই কর্মসূচির মাধ্যমে অস্থায়ী বৈধতা দিয়েছিলেন। ট্রাম্প গত বছর কর্মসূচিটি বাতিল করে দেন। তাঁর ঘোষণা অনুযায়ী, ৫ মার্চের মধ্যে কংগ্রেস এই কর্মসূচির অন্তর্গত ব্যক্তিদের বৈধতার প্রশ্নটি নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তাঁরা অবৈধ অভিবাসীতে পরিণত হবেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি ডাকা সদস্যদের বৈধতাদানে প্রস্তুত, কিন্তু এর বদলে কংগ্রেসকে তাঁর প্রস্তাবিত দেয়ালের জন্য ২৫ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করতে হবে এবং বৈধ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।

যে চারটি প্রস্তাব সিনেটে প্রত্যাখ্যাত হয়, তার মধ্যে সবচেয়ে অধিক সমর্থন অর্জন করে সিনেটর সুসান কলিন্সের নেতৃত্বে দুই দলের মধ্যপন্থীদের সমর্থিত একটি প্রস্তাব। এতে ডাকা সদস্যদের বৈধতাদানের বদলে ট্রাম্পের দাবিমতো ২৫ বিলিয়ন ডলার বরাদ্দের ব্যবস্থা রাখা হয়, যদিও তা একসঙ্গে নয়, পর্যায়ক্রমে বরাদ্দ করা হবে। এতে পারিবারিক ভিসা ও লটারি ভিসা বাতিলের যে দাবি ট্রাম্প করেছেন, সে ব্যাপারটি পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়। হোয়াইট হাউস থেকে এই প্রস্তাবের বিপক্ষে জোর লবি করা হয়। শেষ পর্যন্ত ৫৪-৪৫ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

ডাকা প্রশ্নে এরপর কী হবে, সে ব্যাপারটি এই মুহূর্তে পরিষ্কার নয়। সিনেটের সামনে অন্য কোনো প্রস্তাব নেই যার ভিত্তিতে আলোচনা এগোতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতৃত্ব এ অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। ট্রাম্প তাঁর প্রস্তাবে মোট ১৮ লাখ ডাকা সদস্যের বৈধতা এবং পরবর্তী ১০-১২ বছরের মধ্যে নাগরিকত্বদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তাঁর বিবেচনায় অত্যন্ত উদার। কিন্তু ডাকা সদস্যদের পিতা-মাতাদের বৈধতার প্রশ্নে কোনো ছাড় দিতে তিনি প্রস্তুত নন।

ট্রাম্প ডাকা প্রশ্নে ৫ মার্চের মধ্যে সমাধান অর্জনের সময়সীমা বেঁধে দিলেও দুটি ফেডারেল আদালতে এই কর্মসূচি নিষিদ্ধকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে উচ্চ আদালতে বিপরীত কোনো সিদ্ধান্ত না হলে আপাতত এই কর্মসূচিভুক্ত ব্যক্তিরা তাঁদের বৈধতা হারাবেন না। দুই দলের মধ্যপন্থী সদস্যরাই একটি মধ্যবর্তী সমাধানের লক্ষ্যে ডাকা কর্মসূচি সাময়িকভাবে বাড়াতে আগ্রহী, তবে হোয়াইট হাউস জানিয়েছে তাঁরা সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে।