যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রতিবাদ সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশ করেছেন অভিবাসীরা। তাঁরা বলছে, ‘আমরা এখানেই থাকব, এখানেই লড়ব। একজন অভিবাসীকেও ফেরত পাঠানো যাবে না। অভিবাসীদের প্রতি যেকোনো বৈরী আচরণের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।’গতকাল শুক্রবার বিকেলে নিউইয়র্কের এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন পরিকল্পনা সুপ্রিম কোর্ট আটকে দেওয়ায় উদ্বিগ্ন ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী। বৈধতার কাগজপত্রহীনদের পাশে থাকার ঘোষণা দিতে রাস্তায় নেমেছে সাউথ এশিয়ানদের অধিকার সংরক্ষণকারী সংগঠন ড্রাম। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ড্রামের সংগঠক, কর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের সংগঠনের নেতারা সমাবেশে যোগ দেন। সমাবেশে কাগজপত্রহীন অভিবাসীদের পক্ষে স্লোগান ওঠে, ‘আমরা এখানে থাকব, এখানেই লড়ব।’
বক্তারা বলেন, ‘প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ কোনো এক সকালে সই হয়নি। এ জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। আজও আমরা মাঠে নামলাম, একজন “কাগজপত্রহীনকেও” যাতে ফেরত পাঠানো না হয়। যদি কাউকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করা হয়, আমরা পাশে দাঁড়াব। লড়ে যাব।’
ড্রামের পরিচালক ঋষি সিংহ বলেন, ৫০ লাখ কাগজপত্রহীনের কথা বলা হলেও আসলে এই সংখ্যা ১ কোটি ১০ লাখ। তাঁরা আজ যুক্তরাষ্ট্রের রাজনীতির শিকার হচ্ছেন। তাঁদের কারও সন্তান, কারওবা স্ত্রী এখানে বৈধ। ফলে তাঁদের ফেরত পাঠানো যাবে না।
ড্রামের আরেক পরিচালক কাজী ফৌজিয়া বলেন, ‘অভিবাসন পরিকল্পনা আটকে দেওয়ার যে ঘটনা ঘটেছে, তা সত্যিই দুঃখজনক। বর্তমান প্রশাসন গত সাত বছরে অন্তত ৩০ লাখ মানুষকে জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করেছে। আমাদের কমিউনিটির মানুষেরা “হাউস রেইড”, জেলখানার ভয়ে আছেন। চলমান সংকট পরবর্তী প্রেসিডেন্টের হাতে ছেড়ে যাওয়া হবে প্রেসিডেন্ট ওবামার জন্য হঠকারী সিদ্ধান্ত।’
কাজী ফৌজিয়া আরও দাবি করেন, কাগজপত্রহীনেরা যাতে কাজকর্ম, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পান, সে ব্যবস্থা করতে হবে। চলমান বিতাড়ন-প্রক্রিয়া বন্ধ করতে হবে।
অভিবাসীদের পক্ষের ইমিগ্রেশন অ্যাটর্নি মিশাল জানান, তিনি কাগজপত্রহীনদের পক্ষের লড়াই চালিয়ে যাবেন। অভিবাসন বিষয়ে আইনের অস্পষ্টতা স্বচ্ছ করতে এবং কাগজপত্রহীনদের অধিকার সংরক্ষণ করতে কাজ করে যাবেন।
প্রতিবাদ সমাবেশে অভিবাসী নাদিরা বলেন, ‘আমি এবং আমার দুই সন্তান এখানকার নাগরিক। কিন্তু আমার স্বামীর বৈধতার কাগজপত্র নেই। তাঁকে ফেরত পাঠানো হলে আমাদের সংসার মারাত্মক ক্ষতিতে পড়বে। আর আমার মতো হাজারো পরিবারের একই অবস্থা। তাই আমরা লড়াই করে যাব।’
প্রতিবাদ সভায় সাইমা খান, রুকসানা মুনসহ বেশ কয়েকজন নাগরিক আন্দোলনের সংগঠক বক্তব্য দেন।
লাখো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পদক্ষেপ নিয়েছিলেন। নির্বাহী আদেশ দিয়ে অবৈধ অভিবাসীদের প্রতি নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিবাসন নীতি পরিবর্তনে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনাকে গত বৃহস্পতিবার আটকে দিয়েছেন সুপ্রিম কোর্ট।
ওবামার পরিকল্পনার পক্ষে-বিপক্ষে চারজন করে বিচারপতি রায় দেন। ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে নিম্ন আদালতের দেওয়া রায়ই বহাল থাকল। এই রায়ে হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেছেন, রায়টি যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ অভিবাসীর জন্য ‘হৃদয়বিদারক’। অভিবাসীরা এখানে তাঁদের স্থান করে নিয়েছিলেন।
২০১৪ সালে ওবামা নির্বাহী ক্ষমতাবলে অভিবাসন নীতি পরিবর্তন করেছিলেন। ফলে কয়েক লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। তিনি মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে এ নির্বাহী আদেশ জারি করেছিলেন।