যুক্তরাষ্ট্রে আইএসকে সহযোগিতার দায়ে পুলিশ সদস্য গ্রেপ্তার
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সহযোগিতার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগে গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত নিকোলাস ইয়ং ওয়াশিংটন পুলিশের পরিবহন বিভাগে কাজ করতেন।
এই প্রথম আইএস যোদ্ধাদের সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রের কোনো পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হলো।
বিবিসি জানিয়েছে, অভিযুক্ত পুলিশ সদস্য এফবিআইয়ের একজন তথ্যদাতার কাছে আইএস যোদ্ধাদের ব্যবহৃত মেসেজিং অ্যাকাউন্টের জন্য প্রায় ২৫০ ডলারের ক্রেডিট পাঠিয়েছিলেন। নিকোলাসের ব্যাপারে ২০১০ সাল থেকেই অনুসন্ধান করছিল এফবিআই। লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে চেষ্টাকারী বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে ২০১১ সালে আফ্রিকার দেশটিতে গিয়েছিলেন নিকোলাস।
এফবিআই আরও জানায়, ওই পুলিশ সদস্য আমিনি এল খালিফি নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে কয়েকবার এফবিআইয়ের তথ্যদাতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্রকারী হিসেবে দোষী সাব্যস্ত হন আমিনি।