যুক্তরাষ্ট্রে আইএসের হামলার সুনির্দিষ্ট হুমকি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ইসলামিক স্টেটের (আইএস) হামলার সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই বলে মনে করে প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা দল। আইএসের বিরুদ্ধে জোটের বিমান হামলা জোরদারের প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস এ কথা বলেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে আজ বুধবার বলা হয়, আই​এসের দায় স্বীকার করা সাম্প্রতিক ধারাবাহিক হামলাগুলোর বিষয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ওবামা তাঁর জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স একজোট হয়ে অভিযান চালাচ্ছে। ফ্রান্সও ভূ-মধ্যসাগরে নতুন করে মোতায়েন করা বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে আরও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ফ্রান্স, মালি, লেবানন, নাইজেরিয়া ও তুরস্কে জঙ্গি হামলায় অনেক লোক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন সরকার তার নাগরিকদের সতর্ক করে গত সোমবার বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ওবামাকে অবহিত করা হয়েছে যে যুক্তরাষ্ট্রে বর্তমানে আইএসের হামলার সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই। তখন তিনি আইএস দমনে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।