যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে মো. আবুল কালাম রহিম (৫৫) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার মধ্যরাতের দিকে নর্থ হলিউডে এ ঘটনা ঘটে। এতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে গত দুই মাসেরও কম সময়ে চারজন বাংলাদেশি খুন হলেন।

জানা গেছে, আবুল কালাম রহিম একটি লিকার স্টোরে কাজ করতেন। মধ্যরাতে দোকান বন্ধ করার কিছুক্ষণ আগে এক নারী দোকানে ঢুকে তাঁকে খুব কাছে থেকে পিস্তল দিয়ে গুলি করেন। এতে রহিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, ডাকাতিতে বাধা দেওয়ার কারণেই তিনি এই হত্যার শিকার হন।

পুলিশ ভিডিও ফুটেজ থেকে হত্যাকারীর ছবি ও গাড়ির লাইসেন্স নম্বর শনাক্ত করেছে। গোয়েন্দারা হত্যাকারীর আঙুলের ছাপও সংগ্রহ করেছে।

পারিবারিক ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোহাম্মদ ইকবাল বলেন, রহিম ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক। রহিম একমাত্র ছেলে ও ছোট মেয়েকে নিয়ে এ দেশে থাকতেন। বাকি দুই মেয়ে বিবাহিত এবং তাঁরা বাংলাদেশেই থাকেন। মাত্র দুই মাস আগে তিনি দেশে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী হওয়ার আগে তিনি জাপানে ছিলেন।

ভ্যালি কলেজে অধ্যয়নরত রহিমের একমাত্র ছেলে ফাহীম বলেন, ‘আমার বাবা বিনয়ী মানুষ ছিলেন। তাঁর এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।’

সুদর্শন আবুল কালাম রহিম একসময় দেশে বিলবোর্ড বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতেন। তাঁর বাসা ঢাকার খিলগাঁওয়ে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁর লাশ বাংলাদেশে দাফন করা হবে। আগামী সপ্তাহে তাঁর লাশ জন্মভূমিতে পৌঁছাতে পারে।

এদিকে এক ই-মেইল বার্তায় এই সংকটের মুহূর্তে প্রবাসী বাংলাদেশি সবাইকে আবুল কালাম রহিমের শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা।