যুক্তরাষ্ট্রে আবারও বেকারত্ব বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে কর্মহীনের সংখ্যা দ্রুত বাড়ছে। কোভিড-১৯ সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় কর্মস্থল সংকুচিত হয়ে পড়েছে। অফিস-আদালতে কর্মী সংখ্যা একদিকে কমছে, অন্যদিকে লোকজন স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগের কারণে কর্মস্থল এড়িয়ে চলছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে নতুন করে বেকারত্ব বাড়ছে। শুধু গত সপ্তাহে ৭ লাখ ৩০ হাজার লোক বেকার ভাতার জন্য আবেদন করেছে। মার্চ মাস থেকে ব্যাপকভাবে শুরু হওয়া করোনাভাইরাস সংক্রমণের জের ধরে পুরো যুক্তরাষ্ট্রকে লোকডাউনে যেতে হয়েছিল। অর্থনীতি থমকে দাঁড়ায়। কর্মীরা বেকার হয়ে পড়েন। ফেডারেল সরকারের পক্ষ থেকে প্রথম এক দফা নাগরিক প্রণোদনা দেওয়া হয়। নিয়মিত বেকার ভাতার সঙ্গে অতিরিক্ত ৬০০ ডলারের ফেডারেল প্রণোদনা দিয়ে কর্মহীন লোকজনকে সহযোগিতা করা হয়।

আগস্ট মাস থেকে অবস্থা ভালো হতে শুরু করলে কর্মীদের মধ্যে কাজে ফিরে যাওয়ার প্রবণতা দেখা যায়। এর মধ্যে প্রথম দফা নাগরিক প্রণোদনার মেয়াদ শেষ হয়ে পড়ে। কিন্তু ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়ার উদ্যোগ ব্যর্থ হয়। এরই মধ্যে আবার দ্বিতীয় দফা করোনার সংক্রমণ বাড়তে থাকলে লোকজনকে আবার সতর্ক অবস্থায় চলে যেতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়া কংগ্রেস, সিনেট ও হোয়াইট হাউস বারবার উদ্যোগী হয়েও কোনো নতুন প্রণোদনা আইন পাস করতে সক্ষম হয়নি। এখন সবাই তাকিয়ে আছে ২০ জানুয়ারির দিকে। ওই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন।

নির্বাচিত হওয়ার পর প্রথম সাক্ষাৎকারেই বাইডেন বলেছেন, দ্রুততার সঙ্গে নাগরিক প্রণোদনা আইন পাস করার জন্য তিনি উদ্যোগী হবেন। মার্চ মাসের লকডাউনে যুক্তরাষ্ট্রের অর্ধেক কর্মজীবী বেকার হয়ে পড়ে। তাদের অনেকেই কাজে ফিরে গেলেও এখন আবার কর্মহীন হয়ে পড়েছেন।

প্রতিটি নগরে ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে পড়েছে। প্রতিদিন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝোলানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের বড় চেইন স্টোরগুলো বন্ধ হচ্ছে একের পর এক। বড়বড় শপিং মলকেন্দ্রিক মার্কিন ব্যবসা-বাণিজ্য এখন ক্রমশ স্থবির হয়ে পড়ছে।

প্রতিবছর এ মৌসুমে যুক্তরাষ্ট্রে যে চিত্র দেখা যেত, তার সঙ্গে এখনকার পরিস্থিতি একেবারে মেলানো যায় না। শপিং মলগুলোতে লোকজন নেই। আলো ঝলমল শপিং মলগুলোয় এ সময় যে সংগীতের মূর্ছনা থাকার কথা, তা যেন সুদূর অতীত। একেবারে নিষ্প্রাণ হয়ে পড়েছে চারপাশ। বোঝার উপায় নেই উৎসব দোরগোড়ায়।

একই অবস্থা আবাসন খাতে। বহু বাড়ি ফাঁকা পড়ে আছে। ভাড়াটেরা ভাড়া না দেওয়ায় বাড়ির মালিকেরা পড়েছেন বিপাকে। তাঁরা গৃহ ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। বিদ্যুৎ-পানির বিল বকেয়া পড়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকট অতীতে এমন পরিস্থিতি আর দেখা যায়নি।

গত মার্চ মাসে ২ কোটি ২২ লাখ লোক কাজ হারিয়ে এ পর্যন্ত কাজে ফিরে যেতে পেরেছে মাত্র ১ কোটি ১২ লাখ মানুষ। এর বাইরে ক্ষুদ্র ব্যবসা ও স্বাধীন পেশায় জড়িত লোকজন ব্যাপকভাবে কর্মহীন। ৬ লাখ ৩৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অক্টোবর মাসে। ক্রিসমাস মৌসুমে সৃষ্ট এসব কাজের বেশির ভাগই অস্থায়ী।

নতুন সরকারের কাছে মার্কিন নাগরিকদের অনেক প্রত্যাশা। দ্রুত নাগরিক প্রণোদনা দিয়ে চলমান পরিস্থিতি সামাল দিতে না পারলে মানুষের কষ্ট বাড়বে। সঙ্গে সঙ্গে অর্থনৈতিক চাঞ্চল্যের জন্য দ্রুত সরকারি পদক্ষেপ নিতে হবে। সম্ভাব্য সেসব পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছে সবাই।