যুক্তরাষ্ট্রে আবারও ভারতীয়কে লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আরেকজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক বন্দুক হামলার শিকার হয়েছেন। গত শুক্রবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের কেন্ট শহরে এক শিখ ধর্মাবলম্বী অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে এ নিয়ে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক হামলার শিকার হলেন। এতে নিহত হয়েছেন দুজন। অন্তত প্রথম হামলাটি বিদ্বেষপ্রসূত বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলেছে, কেন্টের শিখকে গুলি করার সময় আততায়ী চিৎকার করে বলছিল, ‘নিজের দেশে ফিরে যাও।’ দীপ রাই নামে ওই ব্যক্তির হাতে গুলি লাগে।
গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ৩৯ বছরের দীপ রাই বাসার বাইরে নিজের গাড়িতে কিছু কাজ করছিলেন। ঠিক সে সময়ই মুখোশ পরা এক শ্বেতাঙ্গ লোক তাঁর সামনে এসে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আহত দীপ জানান, ৬ ফুট লম্বা হামলাকারীর মুখের নিচের অর্ধেক ঢাকা ছিল মুখোশে।
কেন্ট পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনার আগের দিনই ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী হারনিশ প্যাটেল সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নিজের বাড়ির কাছে গুলিতে নিহত হন। তার আগে ক্যানসাস অঙ্গরাজ্যে গত ২২ ফেব্রুয়ারি একজন ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যা করা হয়।