যুক্তরাষ্ট্রে আরেক ভারতীয় গুলিতে নিহত
ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী হারনিশ প্যাটেল যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নিজ বাড়ির কাছে গত বৃহস্পতিবার রাতে গুলিতে নিহত হয়েছেন। দেশটিতে একজন ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যার দুই সপ্তাহের কম সময় পর এ দ্বিতীয় খুনের ঘটনা ঘটল।
মার্কিন সংবাদমাধ্যম জানায়, হারনিশ বৃহস্পতিবার রাতে ল্যাঙ্কাস্টারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। তবে এটি বিদ্বেষমূলক হামলা ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ক্যানসাস অঙ্গরাজ্যে গত ২২ ফেব্রুয়ারি একটি পানশালায় সম্ভাব্য বিদ্বেষমূলক হামলায় শ্রীনিবাস কুচিভোতলা নামের এক ভারতীয় প্রকৌশলী নিহত হন। সেখানকার হত্যাকারী সাবেক মার্কিন সেনা অ্যাডাম পুরিনটন আগে চিৎকার করে বলেছিলেন, ‘আমার দেশ থেকে দূর হও।’ সে হত্যার ঘটনাটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিদ্বেষমূলক ও অশুভ’ আখ্যা দিয়ে নিন্দা করেছেন।
ল্যাঙ্কাস্টার কাউন্টির শেরিফ ব্যারি ফাইল গত শুক্রবার বলেন, ঘটনাটিকে জাতিগত বিদ্বেষ মনে করার কোনো কারণ দেখা যাচ্ছে না। হারনিশ প্যাটেল একজন চমৎকার মানুষ ছিলেন।
ঘটনার সময় হারনিশ প্যাটেলের স্ত্রী ও শিশুসন্তানেরা বাড়িতে ছিলেন।
ক্যানসাস অঙ্গরাজ্যের ঘটনাস্থলে আরেক ভারতীয় অলোক মাদাসানি এবং মার্কিন নাগরিক ইয়ান গ্রিলট উপস্থিত ছিলেন। তাঁরা ওই হত্যাকাণ্ড ঠেকানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক ওই সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়। ভারতে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয়েছে।