যুক্তরাষ্ট্রে উভচর যান ডুবে ৮ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরিতে একটি লেকে পর্যটকবাহী উভচর যান ডুবে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ‘ডাক বোট’ যানটিতে পর্যটক ছিলেন ৩০ জনের মতো। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, যাত্রীদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল। ঘটনার সময় টেবল রক লেকে ঘুরছিলেন তাঁরা। টেবল রক লেক ব্রানসন শহরের পাশে একটি অন্যতম পর্যটক আকর্ষণীয় স্থান।
স্টোন কান্ট্রি শেরিফ ডগ র্যাডার জানান, দুর্ঘটনার সময় নৌকাটিতে তাঁর একজন ডেপুটি ছিলেন। তাঁর সহায়তায় কয়েকজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।
এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে কাজ করছেন ডুবুরিরা। উভচর যানগুলো জলে ও ডাঙায় সমানভাবে চলতে পারে। এ ধরনের যানগুলো পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হলেও এতে দুর্ঘটনার হার অনেক বেশি।