যুক্তরাষ্ট্রে কনফেডারেট পতাকা নিয়ে বিতর্ক চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণের রাজ্যগুলোতে কনফেডারেট পতাকা নিয়ে দীর্ঘদিনের চলমান বিতর্ক আবার চাঙা হয়ে উঠেছে। গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনাতে শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নয়জন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর রাজ্য ভবনের সামনে থেকে শ্বেতাঙ্গ ঐতিহ্যের পতাকা নামিয়ে ফেলার জোর দাবি উঠেছে।

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে, এমনকি দলীয় বাছাই পর্বে কনফেডারেট পতাকা অন্যতম রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণের রাজ্যগুলোতে জাতীয় পতাকার পাশাপাশি কনফেডারেট পতাকা বিশেষভাবে সমাদৃত। ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত আমেরিকার নাগরিক আন্দোলনের ঐতিহ্য ধারণ করে আছে কনফেডারেট পতাকাটি। শ্বেতাঙ্গরা এ পতাকাকে তাদের শ্রেষ্ঠত্বের প্রতীক মনে করে। কৃষ্ণাঙ্গরা মনে করে, দাস প্রথাকালীন সময়ে শ্বেতাঙ্গ কর্তৃক অবদমনের স্মৃতিকে মনে করিয়ে দেয় এ পতাকা। দক্ষিণের রাজ্যগুলোতে বাড়ির সামনে, গাড়ির নম্বর প্লেটসহ রাজ্য ভবনের সামনে কনফেডারেশন পতাকা শোভিত হতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলনের নেতা, মানবাধিকার কর্মী এবং উদারনৈতিক মহল কনফেডারেশন পতাকাকে ঐতিহ্যের স্মারক হিসাবে জাদুঘরে রাখার জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনার গির্জাতে হত্যাকাণ্ডের পর গণবিক্ষোভ শুরু হয়েছে। দীর্ঘ নাগরিক আন্দোলনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বর্ণবাদের, নাগরিক বৈষম্যের অবসান ঘটেছে বলে দাবি করা হয়। যদিও নানা ঘটনায় বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের চাপা বর্ণবাদ এবং বৈষম্যের অভিযোগ প্রকাশ্য হয়ে উঠে। গির্জা হামলার নায়ক শ্বেতাঙ্গ যুবক ডিলেন রুফ বর্ণ বিদ্বেষ থেকেই হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। এ ঘটনার পর গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনা রাজ্য ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। নাগরিক আন্দোলনের নেতারা রাজ্য ভবনের সামনে থেকে বৈষম্যের প্রতীক কনফেডারেট পতাকা নামিয়ে ফেলার দাবি জানান। এ বিক্ষোভ সমাবেশে শুধু কৃষ্ণাঙ্গ নয় শ্বেতাঙ্গ লোকজনের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
শ্বেতাঙ্গ আধিপত্যের রাজ্যগুলোতে কনফেডারেট পতাকা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এ ইস্যু নিয়ে অবধারিত বিতর্কে জড়িয়ে পড়তে হবে প্রার্থীদের। রিপাবলিকানদের বেশির ভাগই কনফেডারেট পতাকার সমর্থক। রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে মাইক হাকাবী, রিক সেন্টুরাম কনফেডারেট পতাকা নিয়ে আপাতত নীরব ভূমিকা পালন করছেন। এ দলের অপর সম্ভাব্য প্রার্থী জেব বুশ ফ্লোরিডার গভর্নর থাকার সময় রাজ্য ভবন থেকে কনফেডারেট পতাকা অপসারণে ভূমিকা রেখেছেন।
রক্ষণশীল রাজ্যগুলোতে দলীয় বাছাই পর্বে রিপাবলিকানদের এ বিতর্ক মোকাবিলা করে আসতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বর্ণ বৈষম্য নিয়ে আমেরিকার জনগণের উৎকণ্ঠার কথা বলেছেন। যদিও সাউথ ক্যারোলাইনার রাজ্য ভবনের সামনে থেকে পতাকা অপসারণ নিয়ে তাঁর কোন সুনির্দিষ্ট অবস্থানের কথা হিলারি বলেননি।
সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হেইলি বলেছেন, কনফেডারেট পতাকা নিয়ে চলমান বিতর্ক এবং আলোচনা অর্থহীন নয়। এ নিয়ে রাজ্য আইন সভার বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য তাঁর ওপর চাপ শুরু হয়েছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যসভা কনফেডারেশন পতাকা অপসারণে কোনো সিদ্ধান্ত একমত হবে কি না এ নিয়ে সংশয় বিরাজ করছে। রাজ্যসভার আইন প্রণেতা ডাগ ব্রানন বলেছেন, কনফেডারেশন পতাকার স্থান হওয়া উচিত রাজ্য ভবনের সামনে নয়, জাদুঘরে। রাজ্য সভায় এ নিয়ে সহসাই একটি আইন প্রস্তাব উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন ডাগ ব্রানন।
গত নভেম্বরে উইনথ্রপ ইউনিভার্সিটি পরিচালিত এক জরিপে দেখা গেছে সাউথ ক্যারোলাইনার ৭৩ শতাংশ শ্বেতাঙ্গরা রাজ্য ভবনের সামনে কনফেডারেট পতাকা রাখার পক্ষে। অপর দিকে এ রাজ্যের ৬১ শতাংশ কৃষ্ণাঙ্গরা পতাকাটি রাজ্য ভবনের সামনে থেকে অপসারণের পক্ষে। শ্বেতাঙ্গরা বলছেন, তাদের পূর্বপুরুষেরা নিজেদের রাজ্য রক্ষার জন্য ত্যাগ শিকার করেছে। এ ঐতিহ্যকে স্মরণ রাখার পতাকাটি লালন করার জন্য তারা ঐক্যবদ্ধ। ক্রিস সুলিভান নামের স্থানীয় শ্বেতাঙ্গ এক সংগঠক বলেছেন, আমাদের ঐতিহ্যের প্রতীক কনফেডারেট পতাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক করা ঠিক হবে না। যদিও গত সপ্তাহে রাজ্য ভবনের সামনে সমবেত বিক্ষোভকারীরা আবারও বলেছেন, কনফেডারেট পতাকা যুক্তরাষ্ট্রে বিদ্বেষ এবং বর্ণবাদের কথাকেই স্মরণ করিয়ে দেয়।