যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ আবার বাড়ছে
যুক্তরাষ্ট্রে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া তথ্যে বলা হয়েছে, করোনায় গত সাত দিনের গড় মৃত্যুর সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড়ে ২২১ জনের মৃত্যু হচ্ছে। সংক্রমণের হার গড়ে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালেও ভর্তির সংখ্যাও দ্রুত বাড়ছে। গ্রীষ্মের আবহাওয়ায় উৎসব-অনুষ্ঠানে বেরিয়ে পড়া মানুষের মধ্যে এই সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।
এ সপ্তাহের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টিকা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ব্যাপক উদ্যোগ গ্রহণের পরও দেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠীকে এখনো টিকার আওতায় নিয়ে আসা যায়নি। টিকা গ্রহণ করেননি এমন লোকজনের মধ্যেই এখন সংক্রমণ বেশি ছড়াচ্ছে।
মার্কিন স্বাস্থ্যসেবীরা এখনো দাবি করছেন, ফাইজার ও মডার্না উৎপাদিত টিকা কোভিড-১৯ এর রূপান্তরিত ভাইরাসের (যা ডেলটা ভাইরাস নামে এখন পরিচিত) সংক্রমণ ঠেকাতে উচ্চমাত্রায় কার্যকর।
সিডিসির পরিচালক র্যাচেল ওয়ালেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেসব এলাকার লোকজনের মধ্যে টিকা গ্রহণের হার কম, সেসব এলাকায় ডেলটা ভাইরাসের সংক্রমণ ঘটছে এবং এ সংক্রমণের কারণে মৃত্যুর ঘটনাও ঘটছে। বর্তমানে ২৬ হাজার ৩০০ জনের নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। দ্রুততার সঙ্গে সর্বত্র টিকা গ্রহণ নিশ্চিত করতে না পারলে ডেলটা ধরন আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কার কথা জানানো হচ্ছে।
২০১৯ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়াবহ হয়ে ওঠে। নিউইয়র্ক মৃত্যুপুরী হয়ে উঠেছিল। হাজারো মানুষের মৃত্যুর শোক নিয়ে নিউইয়র্কের লোকজন মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অন্য সব অঙ্গরাজ্যের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যেই নতুন করে সংক্রমণের উত্থান নিয়ে স্বাস্থ্যসেবীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। টিকা সহজলভ্য হলেও দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে টিকা গ্রহণে সম্মত করাতে পারেনি যুক্তরাষ্ট্র। টিকার সঙ্গে রাজনীতি জড়িয়ে যাওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্বাস্থ্যসেবীরা মনে করেন। টিকা বিরোধী অপপ্রচার এবং জনস্বাস্থ্য নিয়ে নানা ষড়যন্ত্রমূলক প্রচারণা সরকারের উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে। রক্ষণশীল এলাকাগুলোতে টিকাদান কেন্দ্র খুলেও টিকা নেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না।
সরকারের পক্ষ থেকে নানাভাবে লোকজনকে টিকা নিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। ধর্মীয় স্থাপনা, ব্যক্তিগত চিকিৎসক, তৃণমূল পর্যায়ের নাগরিক সংগঠন দিয়ে প্রচারণা চালানোর পরও টিকা গ্রহণের হার এখন চলছে খুবই মন্থর গতিতে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ৫৬ দশমিক ৫ শতাংশ লোকজন পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। ৬৫ শতাংশের কাছাকাছি ১২ বছর বা তার বেশি বয়সের লোকজন অন্তত এক ডোজের টিকা গ্রহণ করেছে। জাতীয়ভাবে ৭০ শতাংশ বা তার বেশি লোকজনকে টিকা প্রদান না করা গেলে মহামারি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সার্জন জেনারেল বিভেক মূর্তি বলেছেন, অপপ্রচার বন্ধ রেখে যত দ্রুত লোকজনকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা যাবে, ততই দ্রুততার সঙ্গে মহামারি মোকাবিলা সম্ভব হতে পারে। এ কাজে নৈতিকভাবে সব মহল এগিয়ে আসতে বিলম্ব করলে আরও বহু মৃত্যু এড়ানো যাবে না বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন।
করোনার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। কোভিড-১৯ সংক্রমণে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্র।