যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুহার বৃদ্ধির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রজুড়ে হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য বিশ্লেষণ করে এই আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ইউএসএ টুডে–এর ডেভিড আছচ ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটির গবেষক রিচেল ওয়েরনার বিশ্লেষণ করে দেখিয়েছেন, কোভিড-১৯–এ সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তির ৩০ দিনের মধ্যেই প্রাপ্তবয়স্ক মানুষের ১১ দশমিক ৮ শতাংশ মারা যাচ্ছে। অন্য যেকোনো ভাইরাস সংক্রমণে মৃত্যুর চেয়ে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের বেশি মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর হার প্রায় চারগুণ বেশি বলে তাঁরা বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া করোনা সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়া বয়স্ক মানুষের ১৭ শতাংশের মৃত্যু হয়েছে ৩০ দিনের মধ্যে। সে সময় মরণঘাতী করোনার চিকিৎসা নিয়ে বিশ্বের দেশের মতো যুক্তরাষ্ট্রেরও কোনো অভিজ্ঞতা ছিল না। এ ধরনের সংক্রমণের রোগী সামাল দেওয়ার কোনো চেনা পদ্ধতিও জানা ছিল না। গত আগস্ট মাস থেকে হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগী ব্যবস্থাপনায় বেশ উন্নতি পরিলক্ষিত হয়। বেশ কিছু ওষুধের কার্যকর ব্যবহার শুরু করা হয়। হাসপাতালে রোগীর সংখ্যাও কমে আসে।

বহু হাসপাতালে এর মধ্যেই স্বাস্থ্যকর্মী সংকট দেখা দিয়েছে। ডাক্তার, নার্স স্বল্পতায় হাসপাতালে করোনাভাইরাস সংক্রমিত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোতে। ডাক্তার, নার্সকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে

কিন্তু অক্টোবর মাস থেকে আবার পরিস্থিতি উল্টো দিকে যাত্রা শুরু করে। প্রথম দফা করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের বড় নগর নিউইয়র্ক ও আশপাশের হাসপাতালগুলো সংক্রমিত মানুষে ভরে উঠেছিল। এখন পরিস্থিতি ভিন্ন। শুধু নিউয়র্ক নয়, এখন এ দেশের প্রায় প্রতিটি রাজ্যের হাসপাতালে সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ফলে রোগী ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হচ্ছে হাসপাতালগুলোতে। এমন অবস্থায় সংক্রমণের শিকার মানুষের মধ্যে মৃত্যুর হার বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সংক্রান্ত নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বহু হাসপাতালে এর মধ্যেই স্বাস্থ্যকর্মী সংকট দেখা দিয়েছে। ডাক্তার, নার্স স্বল্পতায় হাসপাতালে করোনাভাইরাস সংক্রমিত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোতে। ডাক্তার, নার্সকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। বর্তমান হারে হাসপাতালে কোভিড–১৯ রোগীর ভর্তি বাড়তে থাকলে সংক্রমিত মানুষের মধ্যে মৃত্যুর হারও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোভিড-১৯ সংক্রমণে যুক্তরাষ্ট্রে এর মধ্যেই তিন লাখ ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ২ কোটি মানুষের করোনাভাইরাস সংক্রমণ সনাক্ত হয়েছে। একদিকে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে আগামী দুই মাস করোনা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে বলে স্বাস্থ্যকর্মীরা সতর্ক করে দিচ্ছেন।