যুক্তরাষ্ট্রে করোনায় ৮ লাখ প্রাণহানি, দিনে ১২৩০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসংখ্যা বিবেচনায় মৃত্যুর হারে ২০তম অবস্থান যুক্তরাষ্ট্রের। মৃত্যুর হারে শীর্ষস্থানগুলোয় রয়েছে লাতিন আমেরিকা ও ইউরোপের দেশগুলো।
করোনাভাইরাসে আট লাখের বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন
ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আট লাখের বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন। বৈশ্বিক কোভিড মহামারিতে মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষে। স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়ানোর মধ্যেই দেশটিতে মৃত্যু আট লাখ ছাড়ানোর খবর এল।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কোভিডের টিকা নেওয়া মানুষের তুলনায় যাঁরা টিকা নেননি, তাঁদের মৃত্যু হয়েছে বেশি এবং ২০২০–এর চেয়ে ২০২১ সালে বেশি মানুষ মারা গেছেন।

দেশটিতে এখন আবার আশঙ্কাজনক হারে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু বাড়ছে। সবশেষ এক লাখ মানুষের মৃত্যু হয়েছে গত ১১ সপ্তাহে। গত শীত ছাড়া মহামারির যেকোনো পর্যায়কে বিবেচনায় নিলে এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।
জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ কেরি আলথপ। তিনি বলছেন, ‘আমরা যে আক্রান্তের ঢেউ দেখছি, তা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না জনমানুষের রোগ প্রতিরোধক্ষমতা ভাইরাসটির সংক্রমণ ঠেকানোর জন্য যথেষ্ট বেশি না হবে। খুব সহজ কথায়, আমরা এখনো সেখানে পৌঁছাইনি।’

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যু হয়েছিল ওয়াশিংটনের সিয়াটলে। এরপর ৬৫০ দিন পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে দেশটিতে আট লাখের বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। হিসাব করলে দেখা যাচ্ছে, করোনাভাইরাসে প্রতিদিন গড়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

গত শীতে প্রথমবার ফাইজারের উদ্ভাবিত টিকা দিয়ে গণটিকাদান কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর দেশটিতে আরও প্রায় তিন লাখ মানুষের প্রাণহানি হয়েছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্র আরও দুটি টিকার অনুমোদন দেয়। একটি মডার্নার, অপরটি জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা। এসব টিকা দেশটির প্রাপ্তবয়স্ক সব মানুষ নিতে পারছেন।

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বা বোস্টন শহরে যত মানুষ বাস করেন, এই আট লাখ মানুষের সংখ্যাটা তার চেয়েও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যত আমেরিকান প্রাণ হারিয়েছেন, করোনাভাইরাসে তার চেয়ে দ্বিগুণ মানুষের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র।
অন্যান্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ১৬ হাজারের বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। এ ছাড়া করোনাভাইরাসে ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রাণহানি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

তবে জনসংখ্যা বিবেচনায় মৃত্যুর হারে ২০তম অবস্থান যুক্তরাষ্ট্রের। মৃত্যুর হারে শীর্ষস্থানগুলোয় রয়েছে লাতিন আমেরিকা ও ইউরোপের দেশগুলো।

যুক্তরাষ্ট্রে মূলত করোনার তিনটি ঢেউয়ে মৃত্যু হয়েছে বেশি। দেশটিতে প্রথম ঢেউ দেখা দেয় ২০২০ সালের এপ্রিলে। ওই সময় সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছিল নিউইয়র্ক। গ্রীষ্ম ও শরৎকালে মৃত্যুর হার অবশ্য কিছুটা কমে আসে।

এরপর গত শীতে শক্তিশালী আরেকটি প্রকোপ শুরু হয়। ছুটির মৌসুম হওয়ায় জনসমাগম ও ভ্রমণের পরপরই আসে এই ঢেউ। চলতি বছরের জানুয়ারিতে যখন দ্বিতীয় ঢেউয়ের চূড়া দেখা দেয়, তখন দিনে করোনায় প্রাণহানির সংখ্যা ছিল তিন হাজারের বেশি।

এরপর গণটিকাদান কর্মসূচি শুরু হলে গেলে বসন্তে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে থাকে। কিন্তু এরপর জুলাইয়ে আবার তা বাড়তে শুরু করে এবং গ্রীষ্মকাল আসতে না আসতেই ছড়াতে শুরু করোনার আরও বেশি সংক্রামক ধরন ডেলটা।

এর মধ্যে আবার সম্প্রতি করোনার নতুন আরেক ধরন অমিক্রনের বিস্তার ঘটছে। আসছে শীতে অমিক্রন কতটা প্রকোপ ছড়াবে, সেটা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করছেন জনস্বাস্থ্যবিদেরা। তবে দেশটির সরকারের পক্ষ থেকে নতুন ধরনের বিস্তার ঠেকাতে বুস্টার, তথা টিকার তৃতীয় ডোজ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।