যুক্তরাষ্ট্রে কাতারবিরোধী প্রচারণায় সৌদি বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে কাতারবিরোধী প্রচারণা চালাতে ১ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার খরচ করেছে সৌদি লবিস্টরা। সৌদি-আমেরিকান পাবলিক রিলেশন অ্যাফেয়ার্স কমিটি (এসএপিআরএসি) ৩০ সেকেন্ডের সাতটি বিজ্ঞাপন বাবদ ব্যয় করেছে ১ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার। এতে সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য কাতারকে অভিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, কাতার সন্ত্রাসবাদে অর্থায়ন করে এবং ওই অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি করে। উল্লেখ্য, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
কাতারবিরোধী বিজ্ঞাপনটি সম্প্রচারমাধ্যম এনবিসি-৪-তে ২৩ জুলাই থেকে প্রচার করা শুরু হয়। ৩০ সেকেন্ডের চারটি বিজ্ঞাপন, অর্থাৎ ১২০ সেকেন্ড কাতারবিরোধী প্রচারণায় এসএপিআরএসি ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ব্যয় করে। এর মানে হলো, প্রতি সেকেন্ড কাতারবিরোধী প্রচারণায় সৌদির লবির ব্যয় ১ হাজার ডলার। এ ছাড়া অন্য তিনটি বিজ্ঞাপনে বাকি অর্থ ব্যয় করে তারা।
বাজার গবেষণাধর্মী প্রতিষ্ঠান বরেল অ্যাসোসিয়েটসের কর্মকর্তা কিপ ক্যাসিনো বলেন, এসএপিআরএসি সম্ভবত জনগণকে প্রভাবিত করতে চায় না, বরং তারা চেয়েছে সিদ্ধান্ত প্রণেতাদের প্রভাবিত করতে। নিউ জার্সির রুটজার্স ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড লাউ বলেন, কাতারবিরোধী বিজ্ঞাপন মাত্র কয়েকবার এবং কেবল ওয়াশিংটন ডিসিতে প্রচারিত হয়েছে। অর্থাৎ এর টার্গেট দর্শক-শ্রোতা ছিলেন রাজনীতিবিদেরা।